শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আইএনএফ রক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
এখন আগের ঘোষণানুযায়ী, যুক্তরাষ্ট্র এই চুক্তি ত্যাগ করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্রনিয়ন্ত্রণ বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থমসন।
চুক্তিটি রক্ষায় সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও রুশ প্রতিনিধিরা। এতে রাশিয়ার পক্ষ থেকে দেশটির নতুন ক্ষেপণাস্ত্রটি পরিদর্শনের প্রস্তাব দেয়া হয় যা আইএনএফের চুক্তির শর্ত লংঘন করেছে বলে পশ্চিমারা অভিযোগ করে আসছে।
মার্কিন প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করেন এবং চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। আগামী ০২ ফেব্রুয়ারি থেকে চুক্তি ত্যাগের প্রক্রিয়া শুরু হবে যার ইতি টানতে প্রায় ৬ মাস লেগে যেতে পারে বলে মঙ্গলবার মার্কিন প্রতিনিধিরা জানিয়েছেন।
১৯৮৭ সালে সাক্ষরিত চুক্তিটির ফলে প্রায় ৩ দশক ইউরোপসহ পশ্চিমা রাষ্ট্রগুলো রুশ ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ ছিলো যা আবারো শঙ্কায় পড়তে যাচ্ছে বলে তারা মনে করে।
কারণ, সোভিয়েত আমলে স্বাক্ষরিত চুক্তিটির আওতায় ১ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানার সক্ষমতার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছিলো।