শীর্ষবিন্দু নিউজ: ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ‘অনুচ্ছেদ-৫০’ রদ করে ব্রেক্সিট বাতিল চেয়ে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে দাখিল করা পিটিশনে স্বাক্ষরের সংখ্যা এখন ৬০ লাখ ছুঁই ছুঁই।
বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই পিটিশনে স্বাক্ষর করেন ৫৮ লাখ ৬০ হাজারের বেশি। ১ এপ্রিল এই পিটিশন নিয়ে পার্লামেন্টে বিতর্ক করবেন এমপিরা। ফরচুন, ডেইলি মেইল, এক্সপ্রেস
পিটিশনের নিয়মানুযায়ী যে কোন পিটিশনে স্বাক্ষর ১০ হাজার ছাড়ালে সরকার তার উত্তর দেবে। ১ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়লে সেটি পার্লামেন্টে বির্তকের জন্য তোলা হবে। যদিও ইতোমধ্যেই ব্রিটিশ সরকার অনুচ্ছেদ-৫০ রদ না করার কথা জানিয়ে দিয়েছে।
মঙ্গলবার সরকারী বিবৃতিতে বলা হয়, ‘আমরা ২০১৬ সালে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার গণভোটকে সম্মান করি এবং গণভোটের ফলাফল মোতাবেক পার্লামেন্ট ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করবে।’
এদিকে ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইট বার্তায় বলেছেন, যারা ব্রেক্সিট চায় না ইইউ’র উচিত তাদের পাশে থাকা, কারণ তারা ইউরোপিয়।
টুইটে টাস্ক বলেন, ৬০ লাখ পিটিশনে স্বাক্ষর করেছেন, লন্ডনে ১০ লাখ র্যালি করেছেন। বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ এই দলের মতামতের সঙ্গে আপনি প্রতারণা করতে পারেন না, যারা কি না ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে থাকতে চায়।
তিনি আরো বলেন, ‘ব্রিটেন যদি তার কৌশল পরিবর্তন করে আমাদের উচিত হবে সময় দীর্ঘায়িত করার পথ খোলা রাখা। তার অর্থ, ব্রিটেনকে অবশ্যই ইউরোপিয় পার্লামেন্টের নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।
বুধবার হাউস অব কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তৃতীয়বারের মতো তার ব্রেক্সিট প্রস্তাব পেশ করবেন। যদি তার চুক্তি পাশ হয় তবে ২২ মে ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।
আর যদি এটি তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হয় তবে ব্রিটিশ সরকার অন্য প্রস্তাব দাখিলের জন্য ১২ এপ্রিল পর্যন্ত সময় পাবে। ইতোমধ্যেই ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো হাউস অব কমন্সের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছ থেকে এমপিরা নিয়ে নিয়েছেন।