শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ার বাঘুজে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। আরো কিছু স্থানে বা দেশে তারা দুর্বল হয়ে পড়েছে অথবা পরাজিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু দৃশ্যত তা নয়।
তারা এখনও সন্ত্রাসী হামলা চালানোর সক্ষমতা রাখে। বিশ্বের বিভিন্ন দেশে এখনও সক্রিয় আইএস। এমন দেশের মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেন, সৌদি আরব, আলজেরিয়া, খোরাসান (আফগানিস্তান-পাকিস্তান অঞ্চল), ককেশাস, পূর্ব এশিয়া (মূলত ফিলিপাইন), সোমালিয়া এবং পশ্চিম আফ্রিকা (মূলত নাইজেরিয়া)।
গ্রুপটি সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তিউনিসিয়াতে তারা তৎপরতা জোরদার করতে যাচ্ছে। অনলাইনে তাদের যেসব মাধ্যম আছে সেখানে তারা প্রায় দিনই বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করছে। এ খবর দিয়েছে বিবিসি।
এতে আরো বলা হয়েছে, কয়েক মাস ধরে টানা যুদ্ধ করার পর শেষ পর্যন্ত গতমাসে সিরিয়ার বাঘুজের নিয়ন্ত্রণ হারিয়েছে ইসলামিক স্টেট। দেশটির পূর্বাঞ্চলীয় এই গ্রামটি হাতছাড়া হয়ে যাওয়ার মধ্য দিয়ে আইএসের স্বঘোষিত খেলাফতের অবসান ঘটলো বলে বলা হচ্ছে।
চরমপন্থী এই গ্রুপটির জন্যে এটা বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা বিশ্বের আর কোথাও বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম নয়।
বিবিসি মনিটরিং যেসব তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা যাচ্ছে, সিরিয়া এবং ইরাকের যে বিস্তৃত অঞ্চলে আইএস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেগুলো হারিয়ে ফেলার পরও গত বছর তারা সারা বিশ্বে ৩৬৭০টি হামলা চালিয়েছে। তার মানে গড়ে প্রতিদিন ১১টি করে হামলা করেছে তারা। এ বছরের প্রথম দু’মাসেও আইএস ৫০২টি হামলা করেছে।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আইএসের হামলার সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত হাজিন ও বাঘুজ পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করার পর জঙ্গিদের হামলা বেড়ে গিয়েছিল।
ওই অভিযানে জবাবে জিহাদি গ্রুপটি বিশ্বের বিভিন্ন স্থানে তাদের হামলা বাড়িয়ে দেয়। বলা হচ্ছে, মানুষের মনোযোগ অন্যদিকে সরানোই ছিল তাদের লক্ষ্য।
বিবিসি লিখেছে, সবচেয়ে বেশি হামলা হয়েছে সিরিয়া ও ইরাকে। আফগানিস্তান, সোমালিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া এবং মিশরেও আইএসের জঙ্গিরা হামলা চালিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আইএসকে পরাজিত করার যে ঘোষণা দিয়েছেন তাকে আইএসের নেতারা ব্যঙ্গ করে বলেছে, তাদের সেই স্বপ্ন এখনও বহু দূরে।
ইরাকের মসুল এবং সিরিয়ার রাকা ইসলামিক স্টেটের হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের খেলাফতের মডেল ২০১৭ সালের শেষের দিকে শেষ হয়ে যায়। এর আগে ২০১৫ সালে তারা একটি যাদুঘর ও সমুদ্র সৈকতে হামলা চালানোর কৃতিত্ব দাবী করে।
কিন্তু তার পরে তারা সেখানে আর তেমন কিছু করতে পারেনি। এছাড়াও আইএস এই প্রথম বুরকিনা ফাসোতে তাদের উপস্থিতির কথা ঘোষণা করেছে।
এই দুটি ঘোষণা থেকে একটা জিনিস প্রমাণ হয়- আইএসের যে বিশেষ শ্লোগান অবস্থান করা ও বিস্তৃত করা এই নীতিতে তারা এখনও অটল।
তবে আইএসের জন্যে এখনও সবচেয়ে বড় রণক্ষেত্র হচ্ছে সিরিয়া ও ইরাক। আইএস গত বছর সারা বিশ্বে যে ৩৬৭০টি হামলা চালানোর দাবি করেছে, তার ৪৮% (১৭৬৭টি) হামলা হয়েছে ইরাকে এবং ৩১% হামলা হয়েছে (১১২৪টি) সিরিয়াতে।
গত বছর আইএসের বিভিন্ন শাখার তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর তারা যেন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এর মাধ্যমে তারা লোকজনকে এটাও জানাতে চাইছে যে মধ্যপ্রাচ্যের বাইরেও তারা তৎপর রয়েছে। আইএস ২০১৮ সালে আফগানিস্তানে ৩১৬, মিশরের সিনাই উপদ্বীপে ১৮১, সোমালিয়ায় ৭৩, নাইজেরিয়ায় ৪৪, ইয়েমেনে ৪১ এবং ফিলিপাইনে ২৭টি হামলা চালিয়েছে।
এ বছরেরই প্রথম তিন মাসে আইএস নাইজেরিয়াতে ৪৪টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এই হামলার সংখ্যা গত বছরে চালানো হামলার প্রায় সমান।
ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স থেকে আইএস গত জানুয়ারি মাসে একটা প্রচারণা ভিডিওতে মুসলমানদেরকে সেখানে গিয়ে তাদের সাথে যোগ দেওয়ার আহবান জানিয়েছে। এমনকি তারা বিদেশি যোদ্ধাদেরকে রিক্রুট করারও ইঙ্গিত দিয়েছে।
গত মাসে ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের আইএস প্রথমবারের মতো ঘোষণা করেছে যে, বুরকিনা ফাসোতেও তাদের উপস্থিতি আছে। ইসলামিক স্টেটের প্রতিদ্বন্দ্বী আল কায়েদা এর আগেই দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর কথা দাবি করেছে।
ফিলিপাইনেও হামলার সংখ্যা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আইএস সেখানে স্থানীয় সহযোগীদের নিয়ে তৎপরতা চালাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কয়েক দশক ধরে যুদ্ধ করে আসছে।
তবে তাদের বেশিরভাগ হামলাই ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে এবং বিচ্ছিন্ন। এর আগের বছর আইএস যুক্তরাজ্যে চারটি, স্পেনের বার্সেলোনায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলা চালানোর কথা দাবি করেছে। কিন্তু এসবের পক্ষে আইএস কোন তথ্যপ্রমাণ দিতে পারেনি।
২০১৮ সালে আইএস পশ্চিমা দেশগুলোতে সাতটি হামলা চালানোর কথা দাবি করে। তার মধ্যে রয়েছে ফ্রান্সে ছুরি হামলা। এছাড়াও তারা বেলজিয়াম, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও হামলা চালানোর কথা দাবি করেছে।