শীর্ষবিন্দু নিউজ: ঈদের পর দিন সকাল থেকেই কার্যত অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ প্রহরা বসানো হয়েছে। ২৪শে অক্টোবরের পর বিরোধী দলের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেখানে নেতাকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না। দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছে, দলের নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না বলে তিনি শুনেছেন। এ বিষয়ে আলোচনার পর দলের প্রতিক্রিয়া জানানো হবে।
আগামী ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের মহাসমাবেশকে বানচাল করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ তুলেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দলীয় কার্যলয় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শুধু তাই নয়, পুলিশ ঘেরাও করে রেখেছে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকা। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকার হরনের শামিল। তিনি বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী ২৫ অক্টোবর খালেদা জিয়ার জনসমাবেশকে রুখতে পারবে না।
সরকারের এমন অগণতান্ত্রিক ও ঘৃণ্য আচরণের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে রিজভী বলেন, সরকারের শেষ সময়ে যখন তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা, তা না করে তারা ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্রই এদেশের মানুষ সফল হতে দেবে না।