বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮

বিশ্বে মুক্ত গণমাধ্যমের ৩২ শত্রু

বিশ্বে মুক্ত গণমাধ্যমের ৩২ শত্রু

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। প্রতিনিয়তই চ্যালেঞ্জ ও হুমকির মুখে পড়ছে সাংবাদিক ও সাংবাদিকতা। বেড়েছে সংবাদ প্রকাশে বাধা, সংবাদপত্র বন্ধ করে দেয়ার ঘটনা। হত্যা, আক্রমণ, গুম ও জোরপূর্বক কারাদণ্ডের শিকার হয়েছেন সাংবাদিকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো রাষ্ট্রপ্রধানরা গণমাধ্যমের প্রতিপক্ষরূপে আবির্ভূত হয়েছেন।

সাংবাদিক অধিকার সংগঠন ‘রিপোর্টার্স স্যান ফ্রন্টিয়ার্স’ (রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ)-এর এক প্রতিবেদনে এমন ৩২ জন রাষ্ট্রনায়ক ও সংগঠনকে গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই তালিকায় রয়েছে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নাম। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করে আরএসএফ।

আরএসএফের শত্রু তালিকায় স্থান পেয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস)। ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় তিনজন বিদেশিসহ অন্তত কয়েক ডজন সাংবাদিককে হত্যা করেছে আইএস।

সাংবাদিকদের লক্ষ্য করে হামলার জন্য আফগানিস্তানের তালেবান ও পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইও আছে শত্রু তালিকায়। আরএসএফের তথ্যমতে, ২০১৮ সালের প্রথম ১১ মাসেই সারা বিশ্বে ৮০ জন খ্যাতনামা সাংবাদিককে হত্যা করা হয়েছে।

এর মধ্যে বছরের শুরুতে ভারতের সাংবাদিক গৌরী লঙ্কেশকে তার নিজ বাড়িতেই গুলি করে হত্যা ও বছর শেষে সৌদির ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সবচেয়ে আলোচিত। সত্য প্রকাশের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে ৩৪৮ জনকে।

এ ছাড়া গুম করা হয়েছে ৬০ জনকে। ২০১৯ সালেও সেই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসেই হত্যা করা হয়েছে ১০ জনকে।

আরএসএফের সারা বিশ্বেই সাংবাদিকদের স্বাধীনতার হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। আফ্রিকার সাব সাহারা অঞ্চলের দেশগুলোতে স্বাধীন সাংবাদিকতা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তর আফ্রিকা অঞ্চলে সাংবাদিকদের সঙ্গে হয়রানি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় সাংবাদিকরা প্রাতিষ্ঠানিক আক্রমণের শিকার হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সবচেয়ে সুরক্ষিত সংবাদমাধ্যমও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ল্যাটিন আমেরিকায় গণমাধ্যমের ওপর কর্তৃত্ববাদ চাপিয়ে দেয়ার প্রবণতা বেড়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে গণমাধ্যমের ওপর। মধ্যপ্রাচ্যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন।

এশিয়ার ‘অগণতান্ত্রিক’ দেশগুলোতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য আটকে দেয়ার প্রবণতা বাড়ছে। সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ডে স্বাধীন সাংবাদিকতা এখন কষ্টসাধ্য। সম্পাদকীয় স্বাধীনতার অনুপস্থিতিতে ‘সেলফ সেন্সরশিপের’ শিকার হচ্ছে পাপুয়া নিউ গিনি ও টোঙ্গার গণমাধ্যমগুলো।

নির্বাচন, আন্দোলন, সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকদের আক্রান্ত হওয়ার তথ্যও তুলে ধরেছে আরএসএফ। আগের বছরের চেয়ে ২০১৯ সালে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতাসূচকে চার ধাপ নেমে ১৫০-এ এসেছে। আরএসএফের মতে, রাজনীতি কঠিন হয়ে যাওয়ায় গণমাধ্যমের স্বাধীনতা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাক্কালে গত বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষে আয়োজিত সেমিনারে লর্ড ইমস বলেন, গণমাধ্যমকর্মীরা কাজ করতে গিয়ে অহেতুক চাপ বোধ করলে কোনো গণমাধ্যমই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না। কখনও কখনও এ চাপ স্বতঃপ্রণোদিত।

বাংলাদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে এক ধরনের চাকরি হারানোর ভয় কাজ করে। এ ছাড়া কোনো কোনো গণমাধ্যম মালিকের রাজনৈতিক পরিচয়ের কারণে নিয়োগ প্রক্রিয়ায় পেশাদার সাংবাদিকদের কাজের সুযোগ কমছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026