শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৪

দাম্পত্য জীবনের বর্ষপূর্তি করলেন সাইফ কারিনা

দাম্পত্য জীবনের বর্ষপূর্তি করলেন সাইফ কারিনা

শী বিনোদন ডেস্ক: বলিউডের বহুল আলোচিত তারকা যুগল সাইফ আলী খান ও কারিনা কাপুর খান তাঁদের প্রেমের তরি বাওয়া শুরু করেছিলেন ২০০৭ সালে। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর সেই প্রেমের তরি এসে তীরে ভেড়ে ২০১২ সালের ১৬ অক্টোবর।

প্রথম বিবাহবার্ষিকী নিজ দেশে নয়, লন্ডনে উদযাপন করতে হচ্ছে সাইফ ও কারিনাকে। কারণ সেখানে সাইফ তাঁর পরবর্তী ‘হামসকলস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কারিনাও গেছেন লন্ডনে। তবে কাজের ব্যস্ততার কারণে খুব বেশি ঘটা করে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করা হচ্ছে না সাইফ-কারিনার। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মী ছেলের মতো মা শর্মিলা ঠাকুরের পূর্বঘোষিত তারিখেই দীর্ঘদিনের প্রেমিকা কারিনাকে বিয়ে করেন পতৌদির নবাব সাইফ। আজ সাইফ-কারিনার প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি লন্ডনে উদযাপন করছেন এই তারকা দম্পতি। এক বছর ধরেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন সাইফ-কারিনা। কিছুদিন আগেই সাইফের উদার মনোভাব, দায়িত্বশীল আচরণসহ আরও নানা প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি বিয়ের পর নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছিলেন কারিনা কাপুর খান।

সাজিদ খান পরিচালিত কমেডিধর্মী ‘হামসকলস’ ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন এষা গুপ্তা, রিতেশ দেশমুখ, বিপাশা বসু, তামান্না ভাটিয়া প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ২০০৭ সালের অক্টোবরে ভারতের রাজস্থান ও লাদাখে তাসান ছবির শুটিং করার সময় একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন সাইফ-কারিনা। ধীরে ধীরে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। বলিউডের চিরাচরিত প্রেমের রীতি অনুসরণ না করে শুরু থেকেই নিজেদের ভালোবাসার কথা সবাইকে খুলে বলেছেন তাঁরা।

প্রেম নিয়ে লুকোচুরি না খেলে সানন্দেই আলোকচিত্রীদের সুযোগ করে দিয়েছেন তাঁদের ছবি তুলতে। খুব কমই একে অপরকে ছেড়ে জনসমক্ষে আসতে দেখা গেছে এই জুটিকে। সব সম্পর্ক ছাপিয়ে বন্ধুত্বকেই সবার ওপরে ঠাঁই দিয়েছেন ৪৩ বছর বয়সী সাইফ ও ৩৩ বছর বয়সী কারিনা।

গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, সাইফ প্রচণ্ড দায়িত্বশীল একজন মানুষ। সে নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। চিন্তাধারার ক্ষেত্রে সে খুবই উদার। আধিপত্যপ্রবণ শব্দটি তাঁর সঙ্গে একদমই যায় না। বরং সাইফের চেয়ে আমিই বেশি আধিপত্যপ্রবণ।

বিয়ের পর ভালোবাসার রং ফিকে হয়ে যায় কি না, এমন প্রশ্নের জবাবে কারিনার ভাষ্য ছিল, অনেকের ধারণা, বিয়ের আগের ও পরের জীবনে নাকি বিস্তর ফারাক। পছন্দের মানুষটি নাকি ধীরে ধীরে পাল্টে যায়। কিন্তু আমার মনে হয়, এটা স্রেফ গতানুগতিক ও অনাধুনিক একটি ধারণা। সাইফ গতানুগতিক ধারায় বিশ্বাসী নয়। আমাদের ভেতর বোঝাপড়াটা দারুণ। এজন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমি।

এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, আমার সবচেয়ে কাছের বন্ধু সাইফ। প্রেমে পড়াটা যত সহজ, বন্ধু হয়ে থাকাটা কিন্তু মোটেও তত সহজ নয়। আমরা এই কঠিন কাজটিই সহজভাবে করতে পেরেছি। আমাদের সম্পর্কের মূল ভিত্তি বন্ধুত্ব। সাইফের মধ্যে আগে ভালো একজন বন্ধুকে খুঁজেছি আমি। পরে আপনা-আপনিই ভালোবাসা ঘর বেঁধেছে সেই বন্ধুত্বের সম্পর্কে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026