শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের উদ্যেগে কার্ডিফে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কার্ডিফের উদ্দেশে ওভাল ত্যাগ করেন মাশরাফীরা। কার্ডিফে পৌঁছালে বাংলাদেশ সময় রাত ১২টায় সংবর্ধনা দেয়া হয় মুশফিকদের। আগামী শনিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ২১ রানে হারিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপে টাইগারদের স্বপ্নযাত্রা। এদিন মুশফিক-সাকিবরা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান করেছিলো।
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে হেরে যায় টাইগাররা। কিউইদের বিপক্ষে টাইগাররা শেষ পর্যন্ত লড়েছেন নিজেদের সেরাটা দিয়েই। কিন্তু মাঠ ছাড়তে হয়েছে হারের আক্ষেপ নিয়ে।