শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানে জি২০ সম্মেলনের সাইডলাইনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
তবে এ বৈঠককে কেন্দ্র করে ইয়েমেনে সৌদি আগ্রাসন এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের ভূমিকা সামনে এনেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, সৌদি যুবরাজের কর্মকাণ্ডে যে যুক্তরাজ্যের সমর্থন নেই, এমবিএস-কে যথার্থভাবে সেই বার্তা দিতে ব্যর্থ হয়েছেন থেরেসা মে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
থেরেসা মে অবশ্য জানিয়েছেন, ২০ মিনিটের ওই বৈঠকে ইয়েমেন সংঘাতের একটি সমাধান খুঁজে বের করতে তিনি সৌদি যুবরাজকে আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করার জন্যও তিনি এমবিএস-কে পরামর্শ দিয়েছেন।
এছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ‘উন্মুক্ত ও স্বচ্ছ’ বিচারের ওপরও জোর দিয়েছেন তিনি। তবে জেরেমি করবিনের দাবি, যুবরাজকে বার্তা দেওয়ার জন্য এটিই যথেষ্ট নয়।
জেরেমি করবিন বলেন, প্রধানমন্ত্রীর এটা নিশ্চিত করা উচিত যে, যুক্তরাজ্য অবিলম্বে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে।
সাংবাদিক জামাল খাশোগি-র নৃশংস হত্যাকাণ্ডে এমবিএস-কে দায়ী করার কথাও বলেন করবিন। সৌদি আগ্রাসনে ইয়েমেনে ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের উল্লেখ করে রিয়াদের কাছে ব্রিটিশ সামরিক সরঞ্জাম বিক্রিরও সমালোচনা করেন লেবার পার্টির প্রধান।
ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জেরেমি করবিন। ২০১৮ সালে aএমবিএস-এর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, সৌদি আরব যেভাবে ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘন করছে তাতে প্রধানমন্ত্রীর উচিত প্রতিবাদ জানানো।
যুবরাজকে তার বলা উচিত, ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করুন। অন্যথায় আমরা অস্ত্র সরবরাহ স্থগিত করে দেবো।
জেরেমি করবিনের দাবি, রিয়াদের কাছে অস্ত্র বিক্রি করে থেরেসা মে-র সরকার ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধাপরাধে সহযোগিতা করছে।