শীর্ষবিন্দু নিউজ: জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে বিরোধীদলের সদস্যদের নাম চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আমরা সকল দলকে সঙ্গে নিয়েই জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। বিরোধীদলের কাছে আমার প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে আমরা সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি। আমাদের লক্ষ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন। দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ আশঙ্কার মধ্যেই জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করা হয়।
সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আমি সব দল বিশেষ করে মহাজোটের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্টকে পরামর্শ দেবো। বিরোধী দলও তাদের পরামর্শ দিতে পারেন। আমি তাদের বলবো তাদের সংসদ সদস্যদের নাম দিতে যাদের থেকে অন্তবর্তীকালীন মন্ত্রিসভার সদস্য নেয়া যায়। আমি আশা করবো বিরোধী আমার ডাকে সারা দেবে।
নব্বই দিনের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য সকল দলের সাথে, বিশেষ করে মহাজোটের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতিকে যথাসময়ে লিখিত পরামর্শ দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে আমি বিরোধী দলের কাছেও পরামর্শ আশা করি।
সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ পড়ে শোনান। এছাড়াও তিনি সংবিধানে ১২৩(৩) অনুচ্ছেদও উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে। ২৫ জানুয়ারি বর্তমান সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী ২৫ অক্টোবর থেকে নব্বই দিনের হিসাব শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর দেওয়া লিখিত পরামর্শ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব দিলেন। যখন আলোচনায় আমরা রাজি হলাম সেই প্রস্তাব প্রত্যাহার করে নিলেন। একবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার নির্দলীয়, আবার বলছেন হাসিনামুক্ত। নানা অবাস্তব কথা বলে যাচ্ছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি বলেন, আমরা সব দলের অংশ গ্রহনে নির্বাচন চাই।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন বলেও আশাপ্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করছি যে, তিনি আমার এই ডাকে সাড়া দিবেন। আমার এ অনুরোধ তিনি রক্ষা করবেন এবং আমাদের যে সদিচ্ছা সেই সদিচ্ছার মূল্য তিনি দিবেন। সরকারের গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের পাশাপাশি সংবিধান থেকে উদ্ধুত করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে নিজের অবস্থানের ব্যাখ্যান দেন প্রধানমন্ত্রী।