বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

জাকির নায়েকের বসবাসের অনুমতি বাতিল করতে পারে মালয়েশিয়া

জাকির নায়েকের বসবাসের অনুমতি বাতিল করতে পারে মালয়েশিয়া

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ভারতের আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

জাকির নায়েকের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে প্রমাণ হলে সরকার এই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। খবর মালয় ডেইলির।

স্থানীয় সময় শুক্রবার মাহাথির মোহাম্মদ বলেন, জাকির নায়েকের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ায় তার স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করা হবে।

খবরে বলা হয়ে মালয়েশিয়ায় বসবাসরত সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বিতর্কিত মন্তব্য’ করেছেন জাকির নায়েক। এ ঘটনায় তদন্ত করছে পুলিশের তদন্ত কমিটি। এখন এই তদন্তের ফলের জন্য অপেক্ষা করছে সরকার।

এ বিষয়ে মাহাথির মোহাম্মদ বলেন, জাকির নায়েকের স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে। তবে যদি তিনি জাতির জন্য ক্ষতিকর কিছু করে থাকেন আমরা তার এই অনুমতি বাতিল করতে পারি।

তিনি বলেন, জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। যদি প্রমাণিত হয় তাহলে তার স্থায়ী আবাসিকতা বাতিল করা আমাদের জন্য জরুরি হয়ে পড়বে।

ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে-জাকির নায়েক সম্প্রতি এমন মন্তব্য করেছেন বলে খবর বেরিয়েছে। তবে জাকির দাবি করেছেন, তার বক্তব্যকে সংবাদমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে। হিন্দুদের নিয়ে জাকিরের এই মন্তব্যের জেরে তাকে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে।

জাকির নায়েকের ওই বক্তব্যের জেরে ১৬-১৮ আগস্ট তাকে মালয়েশিয়ায় একটি ইসলামি অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভারতে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।

জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক। দুর্নীতির অভিযোগে ভারতে তিনি ‘ওয়ান্টেড’। জাকির নায়েক কয়েক বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

এরই মধ্যে জাকির নায়েকের পিস টিভির প্রচার বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ। আর এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন। তবে সে দেশেও তুমুল বিতর্ক হচ্ছে জাকির নায়েককে নিয়ে। দেশটি থেকে তাকে বের করে দেয়ার দাবিও জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। এরমধ্যেই তাকে নিষিদ্ধ করেছে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সরকার।

প্রদেশটির উপপ্রধান মুখ্যমন্ত্রী জ্যামস জামুত মাসিং এবং প্রাদেশিক মন্ত্রী সিম কুই হাইয়ান এ সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন। মাসিং বলেন, ‘জাকির নায়েকের মালয়েশিয়া বিরোধী বক্তব্য সারাওয়াকের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। এই জন্য তাকে এখানে প্রবেশে বাধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন জাকির, এমনটাই দাবি করেন মালয়েশিয়ার ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি।

সংগঠনটির দাবি, মালয়েশিয়দের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। মালয়েশিয়ার বাসিন্দাদের ধর্মের ভিত্তিতে তুলনা করা থেকে বিরত থাকতে তার প্রতি আহ্বান জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026