শীর্ষবিন্দু নিউজ: শর্ত সাপেক্ষে অনুমতির পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বুকিং বাতিলের পর দুপুরে বিএনপিপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদকে সেখানে সম্মেলন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। রোববার বিকাল ৩টায় এই কনভেনশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকাল তিনটায় সম্মেলন শুরু হয়। সকাল থেকে সম্মেলনের অনুমতি নিয়ে নানা নাটকীয়তার পর দুপুর সাড়ে ১২টায় ৫ শর্তে অনুমতি দেয় পুলিশ। অনুমতি পাওয়ার পর আশপাশে অবস্থান নেয়া পেশাজীবী নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। দুপুর দুইটার মধ্যেই সম্মেলন কেন্দ্র পেশাজীবীদের ভীড় জমে উঠে। সমাবেশ শুরু হলেও সমাবেশে অংশগ্রহণকারী ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশে গুমোড় পরিবেশ বিরাজ করছে।
সম্মেলন কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বেলা পৌনে ১টার দিকে সাংবাদিকদের বলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদকে শর্তসাপেক্ষে কনভেনশন করার অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, সম্মেলন কেন্দ্রের ভেতরেই কনভেনশন করতে হবে। বাইরে কোনো কর্মসূচি পালন করা যাবে না। বাইরে মাইকও ব্যবহার করা চলবে না। সম্মেলন শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে। আইনশৃঙ্খলা ভঙ্গ হয়- এমন কিছুও সেখানে ঘটানো যাবে না। পেশাজীবী পরিষদের নেতারা এসব শর্ত মেনে নেয়ায় কর্তৃপক্ষ তাদের কনভেনশন করার অনুমতি দিয়েছে।
বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার সকাল থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। সকালেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, পেশাজীবী পরিষদের বুকিং বাতিল করা হয়েছে।
এদিকে অনুমতি দিলেও নিরাপত্তার স্বার্থে বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যকে। সঙ্গে রয়েছে প্রিজন ভ্যান, রায়ট কার ও জলকামান। এদিকে সম্মেলনের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন ও ১৮দলীয় নেতা খালেদা জিয়া সোয়া চারটায় গুলশানের বাড়ি থেকে রওনা দেবেন। সাড়ে চারটার তার সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে সকালে সম্মেলনের অনুমতি বাতিলের পাশাপাশি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল প্রশাসন।
এদিকে দুপুরের আগে আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের আশেপাশেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাতেও।