শীর্ষবিন্দু নিউজ: চলতি সপ্তাহের মধ্যেই আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ওয়েবসাইটে দেওয়া হবে এবং স্টেকহোল্ডার এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগের আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের সময়ের। সেই সময়ের সরকারের কোনো পলিটিক্যাল ভূমিকা ছিল না। কিন্তু এবার যেহেতু রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই, তাদের রাজনৈতিক রোল থাকবে। এ কারণে আচরণবিধিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হচ্ছে। তিনি বলেন, এছাড়া সংসদ ভেঙে অথবা সংসদ রেখে যে ফরমেটেই নির্বাচন হোক, বিষয়টি মাথায় রাখছে ইসি।
আবু হাফিজ বলেন, আজ আমরা এটি নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছি। তবে আগে থেকেই বিভিন্ন দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিলাম। তাই, আচরণ বিধি নতুন করে তৈরি করতে হচ্ছেনা। আমাদের আচরণবিধি রয়েছে। সেটার সঙ্গে কিছু কিছু জায়গা যোগ-বিয়োগ করতে হচ্ছে।