রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯

আগাম নির্বাচনের হুশিয়ারি বরিসের

আগাম নির্বাচনের হুশিয়ারি বরিসের

শীর্ষবিন্দু নিউজ: ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ (ব্রেক্সিট) নিয়ে চরম বিরক্তিতে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইইউর সঙ্গে সমঝোতার মাধ্যমে সম্পন্ন ব্রেক্সিট চুক্তি পাসে এমপিদের বাগে আনতে পারছেন না। বারবার তার তোলা প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যাত হচ্ছে।

এ নিয়ে বিপাকে থাকা বরিস বুধবার আবারও আগাম নির্বাচনের হুশিয়ারি দিয়েছেন। ব্রেক্সিট চুক্তির সর্বশেষ খসড়া নিয়ে আলোচনার জন্য ৩ দিনের সময়সীমা বেঁধে দিতে বরিসের প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর এ হুশিয়ারি দেন তিনি।

এএফপি জানায়, মঙ্গলবার এ প্রস্তাব প্রত্যাখ্যানের পর হতাশা প্রকাশ করে বরিস বলেন, এটা ব্রেক্সিটের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তায় ঠেলে দিল। এ ব্রেক্সিট বিড়ম্বনার মধ্যে বিরোধী নেতা জেরেমি করবিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিস।

দীর্ঘ টানাপোড়েন আর অনিশ্চয়তার পর গত সপ্তাহে ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান বরিস। ৩১ অক্টোবর ব্রেক্সিট সম্পন্ন করতে হলে তার আগে পার্লামেন্টে এটি অনুমোদন করিয়ে নিতে হবে। তাই তাড়াহুড়ো রয়েছে বরিসের।

মঙ্গলবার সরকার প্রস্তাবিত ১১৫ পৃষ্ঠার চুক্তির খসড়া হাউস অব কমন্সে উত্থাপন করা হলে তা আলোচনার জন্য গ্রহণ করা হয়। এ নিয়ে ভোটাভুটিতে পক্ষে ৩২৯ এবং বিপক্ষে ২৯৯ ভোট পড়ে। ব্রেক্সিট নিয়ে এটাই সরকারের প্রথম সফলতা।

কিন্তু আলোচনা ৩ দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেয়ার প্রস্তাব ৩২২–২০৮ ভোটে নাকচ হয়।

বরিস বলেন, এমপিরা আরও দেরি করিয়ে দেয়ায় আমি হতাশ। এখন ইইউর পরবর্তী পদক্ষেপ দেখা পর্যন্ত ব্রেক্সিট বিল পাস করানোর প্রক্রিয়া স্থগিত থাকবে। তিনি হুমকিও দিয়েছিলেন, ‘আমরা এখন সাধারণ নির্বাচনের দিকেই যাব।

ব্রেক্সিট ফেলে এখন আমি ওই নতুন নির্বাচন নিয়ে বিতর্কে যাব।’ লেবার পার্টির মুখপাত্র বলেন, বিচ্ছেদ বিল সংশোধন এবং এ নিয়ে আলোচনার জন্য একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণে প্রধানমন্ত্রী বরিসকে প্রস্তাব দিয়েছেন করবিন।

এর আগে লেবার নেতা বলেন, জনসন নিজেই তার দুর্ভাগ্য লিখেছেন। তবে এ চুক্তির খসড়া নিয়ে পার্লামেন্টে পর্যাপ্ত সময় নিয়ে আলোচনায় রাজি থাকার কথাও জানান তিনি। অন্যদিকে এসএনপি নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড বলেন, এটা প্রধানমন্ত্রীর জন্য আরেকটি নিদারুণ পরাজয়। এমপিরা তাকে জানিয়ে দিলেন, তিনি ঠিক পথে নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026