সুমন আহমেদ: পূর্ব লন্ডনের দুই আলোচিত নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড বো এবং পপলার অ্যান্ড লাইমহাউস। লেবার পার্টির মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে এই দুই আসনে লেবারের বিজয় প্রায় অনেকটা নিশ্চিত বলা চলে।
ফলে এই দুই আসনকে অনেকেই দলটির দুর্গ হিসেবে দেখে থাকেন। এই দুই আসনের দুইজনই হচ্ছেন বাঙালী বংশোদ্ভূত দুই প্রার্থী। এরা দুজন হলেন- রুশনারা আলী এবং আফসানা বেগম। উভয় আসনেই সম্ভাব্য তালিকায় নিশ্চিত বিজয়ের পথে বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই প্রার্থী।
যদিও বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন গত প্রায় ১০ বৎসর ধরে এমপি রোশনারা আলীর দখলে ছিল আর এবারও তার বিজয় প্রায় নিশ্চিত।
এবার তার সাথে পপলার অ্যান্ড লাইমহাউসে যোগ হচ্ছেন আরও একজন বাঙালী বংশোদ্ভূত প্রার্থী আফসানা বেগম। এবার প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন আফসানা বেগম।
এদিকে, ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তিন মেয়াদে লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। ২০১৫ সালের নির্বাচনে ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন রুশনারা আলী। মোট ভোটের ৬১ দশমিক ০২ শতাংশই পান তিনি। ২০১০ সালে তার পাওয়া ভোট থেকে এই সংখ্যা ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পান মোট ভোটের মাত্র ১৫ দশমিক ২ শতাংশ।
২০১৭ সালের নির্বাচনেও ভোট বাড়ে রুশনারার। ওই নির্বাচনে মোট ভোটের ৭১ দশমিক ৮ শতাংশ পান তিনি। ৪২ হাজার ৯৬৯ ভোটে নির্বাচিত হন রুশনারা। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লটি চিরিকো পান সাত হাজার ৫৭৬ ভোট।
৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। এবার রুশনারার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টভোল্ড, লিবডেম থেকে জশ বাবারেন্দি, ব্রেক্সিট পার্টির ডেভিড এক্স ও গ্রিন পার্টির শাহরার আলী।
বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনেও লেবার পার্টির জন্য নিরাপদ ও নিশ্চিত বলে বিবেচনা করা হয়। তাই ব্রিটিশ পার্লামেন্টে আফসানা‘র যাত্রাও অনেকটা নিশ্চিত।
২০১০ সালে পপলার অ্যান্ড কেনিংটাউন আসনের নাম বদলে রাখা হয় পপলার অ্যান্ড লাইমহাউস। এই আসনের বর্তমান এমপি লেবার পার্টির জিম ফিজ প্রেট্রিক। ১৯৯৭ সাল থেকেই নির্বাচিত হয়ে আসছেন তিনি। ২০১৫ সালের নির্বাচনের পর আর প্রার্থী না হওয়ার ঘোষণা দেন বর্ষীয়ান এমপি জিম।
তবে ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের পর সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষিত আগাম নির্বাচনে তার ওপরই ভরসা রাখে লেবার পার্টি। পুনরায় নির্বাচিত হন তিনি।
১৯৯৭ সাল থেকে এ আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। লেবার পার্টির দুর্গখ্যাত এ আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।
পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টির মনোনয়ন জেতা আফসানা বেগমের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- কনজারভেটিভ পার্টির সিউন ওক, লিবডেমের এন্ড্রু ক্রিগান, ব্রেক্সিট পার্টির ক্যাথেরিন কিউ, গ্রিন পার্টির ডেভিড জেমসন ও স্বতন্ত্র প্রার্থী এড এরলাম।
আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা পপলার অ্যান্ড লাইমহাউস আসনেই। তিনি টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র ও কাউন্সিলর মনির উদ্দিন আহমদের মেয়ে। এছাড়া আফসানা লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ও দলটির লন্ডন অঞ্চলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে এই আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় লেবার পার্টি। সেক্ষেত্রে আফসানা বেগমের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন স্থানীয় কাউন্সিলর ও সোমালি বংশোদ্ভূত আমিনা আলী।
এদিকে, গত তিন নির্বাচনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুশনারা আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কোনও না কোনও বাংলাদেশি প্রার্থী। তবে এবারের নির্বাচনে সে রকম কোনও প্রার্থী না থাকায় তার ভোট আরও বাড়বে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।