শীর্ষবিন্দু নিউজ: বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী আরেকজন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি আফসানা বেগম।
আফসানার বিজয়ে কমিউনিটিতে আরেকজন বাঙ্গালী এমপি যোগ হলেন। আর কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। পপলার অ্যান্ড লাইমহাউস পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার আসন। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।
রাত ১০টার পর টাওয়ার হ্যামলেটসের আসন গুলোর ভোট গণনা প্রক্রিয়া শুরু হয় পূর্ব লন্ডনের এক্সেল এক্সিবিউশন সেন্টারে। ভোর সাড়ে চারটায় এক্সেল এক্সিবিশন সেন্টারে পপলার এন্ড লাইমহাউজ আসনের ভোট গননা শেষে দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচনী রিটার্নিং অফিসার স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া অবাজে আফসানা বেগমকে বিজয়ী ঘোষণা করেন।
বিরোধী দল লেবার পার্টির চরম ভরাডুবির মধ্যেও দলটির প্রার্থী আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়ে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
লেবার পার্টির পপলার এন্ড লাইমহাউজ (সিএলপি) ব্রাঞ্চের সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার আফসানা বেগম জীবনের প্রথম ইলেকশনে বাজিমাত করলেন। তিনি তার আসনে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮৯০৪ ভোট বেশি পেয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। এ আসনের মোট ভোটার ৯১,৭৬০ জন। এখানে গড় ভোট পড়ে ৬৭.০৩%।
আফসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির অলুয়া শনের প্রাপ্ত ভোট সংখ্যা ৯৭৫৬। এদিকে প্রথম বিজয়ী এমপি আফসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। তখন অনেকটা চমক দেখানোর মতো করে আসনটিতে মনোনয়ন পেলেন বাঙালি তরুণী আফসানা বেগম।
আফসানার আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তিনি টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়ে।