শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের স্থানীয় ব্রিটিশ মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটির দক্ষিণ-পশ্চিমের সামারসেট অঞ্চলে একটি মুসলিম কবরস্থান নির্মাণের দাবি জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশি অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন।
এই সংগঠনটি সামারসেটের টনটন শহরের স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। স্থানীয় কাউন্সিল কর্তৃক কবরস্থান নির্মাণের ব্যাপারে আশাবাদী তারা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, টনটন শহরের মুসলিম জনসংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই অঞ্চলের বৈচিত্র্যের জন্য আওয়াজ তোলা জরুরি। কবরস্থান প্রতিষ্ঠার বিষয়ে তারা জানান, আমরা কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তারা এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তারা জানিয়েছেন, আমাদের জন্য কিছু করার চেষ্টা করবেন।
কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করতে চাই। সামারসেট ওয়েস্ট ও টনটন কাউন্সিল সূত্রে জানা গেছে, কবরস্থান নির্মাণের জন্য চূড়ান্ত পরিকল্পনা দাখিল করা হলে সেগুলো যাচাই করবে কর্তৃপক্ষ।
২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুসারে, সামারসেটে মোট জনসংখ্যার দশমিক ৩ শতাংশ হচ্ছে মুসলমান। ইসলামি রীতি অনুসারে, মুসলিমদের দাফন কার্যক্রমে কিছু নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে। এতে মৃত্যুর পর শবদাহ নিষিদ্ধ করা হয়েছে।