রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩

ফলোআপ ২০১৯: ব্রেক্সিটেই উত্তাল ছিল পুরো বছর

ফলোআপ ২০১৯: ব্রেক্সিটেই উত্তাল ছিল পুরো বছর

শীর্ষবিন্দু নিউজ: এ বছরের পুরোটা জুড়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্রেক্সিট ইস্যু। এ সময় বেশ উত্তপ্ত ছিল ব্রিটিশ রাজনীতি।

এতে ব্যর্থতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের দায়িত্ব গ্রহণ, আগাম সাধারণ নির্বাচন ও বিপুল ব্যবধানে কনজারভেটিভ পার্টির জয় এবং সবশেষ হাউজ অব কমন্সে ব্রেক্সিট বিল পাস, এমন সব ইস্যতে বছরজুড়েই উত্তপ্ত ছিল ব্রিটেনের রাজনীতি।

বছরের শুরুতে নির্ধারিত সময় ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার লক্ষ্যে, ১৫ই জানুয়ারি এবং পরে ১২ই মার্চ দুই দফা নিজের দেয়া ব্রেক্সিট পরিকল্পনা পার্লামেন্টে পাসে ব্যর্থ হন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

পরবর্তীতে, বিরোধীদের চাপে ব্রেক্সিট তিন মাস পেছাতে ইইউ’র দ্বারস্থ হলে, ২৯শে মার্চের মধ্যে পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাবনা পাসের শর্তে ২২শে মে ব্রেক্সিট বাস্তবায়নের নতুন সময়সীমা বেধে দেয় ইইউ।

তবে ওই সময়ের মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট পরিকল্পনা অনুমোদন না দিলে, ১২ই এপ্রিল চুক্তি ছাড়াই ব্রিটেনকে ইইউ ছাড়তে হবে বলেও জানিয়ে দেয় জোট।

পরবর্তীতে, বিরোধীদের চাপে ব্যাকস্টপ বা আইরিশ সীমান্ত নিয়ে জটিলতা নিরসনে ব্রেক্সিট পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে ইইউ’র সঙ্গে ব্রিটেন সরকার নতুন করে সমঝোতায় পৌঁছালেও ২৯শে মার্চ পার্লামেন্টের ভোটাভুটিতে তৃতীয় বারের মতো প্রত্যাখ্যাত হয় থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা। বাধ্য হয়েই ৩০শে জুন পর্যন্ত আরেক দফা ব্রেক্সিট পেছাতে ইইউ’র প্রতি আহ্বান জানান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে এবার আর তিনমাস নয়, ব্রেক্সিট বাস্তবায়নে ছয় মাস সময় বাড়িয়ে ৩১শে অক্টোবর ব্রেক্সিটের নতুন সময়সীমা নির্ধারণ করে ইইউ।

পরপর তিনদফা নিজের দেয়া ব্রেক্সিট পরিকল্পনা পার্লামেন্টে পাসে ব্যর্থ হয়ে দলের ভেতরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন থেরেসা মে। ব্রেক্সিট বাস্তবায়নে ব্যর্থতার দায় নিয়েই ২৪শে মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

অবশেষে ৭ই জুন দলীয় প্রধানের পদ ছাড়েন মে। শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া। এতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে পেছনে ফেলে ২৩শে জুলাই থেরেসা মে’র উত্তরসূরী নির্বাচিত হন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পরদিনই রানির আদেশে সরকার গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব নিয়েই ২৫শে জুলাই পার্লামেন্টে দেয়া প্রথম বক্তব্যে চুক্তি হোক না হোক, নির্ধারিত সময় ৩১শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বরিস জনসন। একইসঙ্গে, এই সময়ের মধ্যে ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ’র সঙ্গে নতুন করে সমঝোতায় যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চুক্তি নিয়ে জোটের সঙ্গে আলোচনায় ইতিবাচক পরিবর্তনের দাবি করা হলেও, ইইউ জানায় তারা ব্রিটেন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোন প্রস্তাব পায়নি।

এরমধ্যেই আগস্টের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হঠাৎই ১৪ই অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট স্থগিতের ঘোষণা দিলে এ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পরে ব্রিটেনের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে সেপ্টেম্বরে আইনপ্রণেতারা আবারও পার্লামেন্টে ফিরলে বিরোধীদের উদ্যোগে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে বিশেষ এক বিল পাস হয় পার্লামেন্টে।

পরবর্তীতে ব্যাকস্টপ সমস্যার সমাধান সম্বলিত বরিস জনসনের বিকল্প ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে ইইউ’র সঙ্গে নতুন করে সমঝোতা হলেও তা পার্লামেন্টে পাসে ব্যর্থ হন ব্রিটিশ প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026