শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে হয়ে গেলো ৩৪তম নিউ ইয়ার প্যারেড। বাহারি পোশাক আর নানা আয়োজনে ঐতিহ্যবাহী এই প্যারেডে অংশ নেন বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৮ হাজার শিল্পী ও পর্যটকরা।
প্যারেডে নেচে, গেয়ে এবং বিভিন্ন ধরনের শারীরিক কসরত প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন তারা। কী নেই এই প্যারেডে। রংবেরং এর কার্টুন, থিম ভিত্তিক বাহারি গাড়ি কিংবা নৃত্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, সবই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
শুধু তাই নয়, বাদ্যযন্ত্র বাজিয়ে ও বিভিন্ন ধরনের শারীরিক কসরত প্রদর্শন করে রাস্তার দুইপাশের হাজারো পর্যটক মাতান দেশি বিদেশি শিল্পীরা।
প্যারেডে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, প্যারেডের যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে তা হলো এতে নানা রঙের ব্যবহার আর বৈচিত্র্যময় সব নাচ গান। পুরো আয়োজনটি সত্যিই খুব মজার।
প্যারেডে ঘুরতে আসা আরেকজন দর্শনার্থী বলেন, প্যারেডে এই প্রথম আমি চীনা ড্রাগন দেখছি। সম্ভবত এই প্যারেডের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো চীনাদের পরিবেশনা। প্রতিবারই ব্যতিক্রম আয়োজন নিয়ে হাজির হয় তারা।
খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে প্রতিবারের মতো এবারর লন্ডনের রাস্তায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই নিউ ইয়ার প্যারেডের। আর এতে অংশ নেন বিশ্বের ২০টি দেশ থেকে আসা প্রায় ৮ হাজার শিল্পী। নিজ শহরে এমন ব্যতিক্রমী আর জমকালো আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারাও।
তারা বলেন, এক কথা অসাধারণ। সত্যিই খুব সুন্দর। ইতালীয়দের ড্রাম বাজানো আমাকে মুগ্ধ করেছে। লন্ডনের এই নিউ ইয়ার প্যারেডের অন্যতম বৈশিষ্ট্য, এতে বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে পারে। বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে স্থানীয় ব্রিটিশরাও।
১৯৮৭ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে লন্ডনের এই নিউ ইয়ার প্যারেড। সেবছর ছোট আকারে শুরু হওয়া এই আয়োজন গেল তিন দশকে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম নিউ ইয়ার প্যারেডে।