শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতির পদ হারাচ্ছেন বলে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানায়, অমিত শাহকে সরিয়ে বিজেপির বর্তমান কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাকে পূর্ণাঙ্গ সভাপতি নিয়োগ দেয়া হচ্ছে।
তারা আরও জানায়, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন জেপি নাড্ডা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির উচ্চ প্রতিনিধির বরাতে দ্যা হিন্দু জানিয়েছে, নতুন বছরে রাজ্যে বিজেপির সাংগঠনিক রদবদলের পর দলের কেন্দ্রীয় কমিটিতেও এ পরিবর্তন আনা হচ্ছে।
দ্যা হিন্দু জানায়, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তার জায়গায় নতুন সভাপতি আনার কথা শুরু হয়। কিন্তু তখনই পূর্ণ দায়িত্ব না দিয়ে অমিতকে রেখেই কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল দলের আরেক প্রবীণ নেতা জেপি নাড্ডাকে। নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন।
বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ। তারপর ২০১৯-এর জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়।