শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮

মুজিব শতবর্ষ পালন ও সেবা প্রদানে উন্নয়নের লক্ষ্য নিয়ে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাথে গভীরভাবে কাজ করতে চায় বাংলাদেশ হাইকমিশন লন্ডন

মুজিব শতবর্ষ পালন ও সেবা প্রদানে উন্নয়নের লক্ষ্য নিয়ে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাথে গভীরভাবে কাজ করতে চায় বাংলাদেশ হাইকমিশন লন্ডন

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে বাংলা মিডিয়ায় প্রতিনিধিত্বকারী বৃহত্তর সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে মঙ্গলবার ২৮শে জানুয়ারী একই অনুষ্ঠানে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর সাথে ‘ডায়লগ উইথ হাইকমিশনার‘ শীর্ষক সরাসরি প্রশ্ন-উত্তরভিত্তিক সংলাপের আয়োজন করে লন্ডন-বাংলা প্রেসক্লাব।

লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রথমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

একই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর সাথে প্রশ্ন-উত্তর ভিত্তিক প্রায় দু‘ঘন্টাব্যাপী একটি সংলাপে পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এলবি২৪ অনলাইন চ্যানেল। এর আগে হাইকমিশনারের পরিচিতি পাঠ করেন ক্লাবের নির্বাহী সদস্য নাজমুল হোসেন।

বাংলাদেশের হাইকমিশনার এ সময় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মুজিববর্ষ পালনে ‘মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ‘ পালন করার উদ্যোগ নিয়েছে। এ জন্য যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সহায়তা কামনা করা হয়।

তিনি বলেন, ১৭ মার্চ ২০২০ থেকে মুজিববর্ষ শুরু হচ্ছে এবং আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন লন্ডনসহ যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শহরগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়- কনসূলার সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবা প্রদানে বিভিন্ন সমস্যার কথা। শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ সরাসরি প্রশ্ন করেন- কনসূলারে সেবা প্রদানকারীদের কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ, কারিগরি সমস্যায় কম্পিউটার নষ্ট, প্রিন্টিং মেশিন ও ফটোকপি মেশিন প্রায় কাজ করে না। তিনি কি এসব সরাসরি তদারকি করেন না কি না? এজন্য সমাধানসহ কিভাবে সরাসরি হাইকমিশনারকে অভিযোগ করা যায়? অভিযোগের ভিত্তিতে সমাধানে জবাবদিহিতার আওতায় আনা যায় কি না?

উত্তরে তিনি বলেন, তিনি নিজে কনসূলার সেকশনের গিয়ে সব চেক করেন- কোথায় ময়লা পড়ে আছে কি না, টয়লেট ঠিক আছে কি না? সব কর্মকর্তা ঠিকমতো কাজ করছেন কি না, ঠিক মতো নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না? তারপরও কারো কোন অভিযোগ থাকলে তা কনসূলার সেকশনে অভিযোগ বক্সে লিখিত আকারে জানানোর জন্যে। এছাড়াও সোস্যাল মিডিয়ায় ফেইসবুক (bhclondon) ও টুইটারের (bangladeshinuk) মাধ্যমেও সরাসরি অভিযোগ জানানো যাবে। যা হাইকমিশনার তার নিজ তদারকির মধ্যে রেখেছেন।

এ সময় অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৭২টা দূতাবাসের মধ্যে খুব কমই দূতাবাসের নিজস্ব ভবন আছে। তারমধ্যে লন্ডনেই সবচেয়ে আগে কেনা হয়। পরবর্তীতে এখন ওয়াশিংটন, দিল্লী ও কানাডায় নিজস্ব ভবন কেনা হয়েছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি উদ্যেগে এখনে বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ভবন কেনার কাজ চলছে।

তিনি জানান, লন্ডন মিশন থেকে যেসব সেবা নিয়মিত দেয়া হয়, সেগুলো স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত দেয়া হবে। এসবের মধ্যে রয়েছে নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়ন, বাংলাদেশি-ব্রিটিশদের এনভিআর ইস্যু, পাওয়ার অব এটর্নি সম্পাদন, জন্ম-নিবন্ধন এবং বাংলাদেশে জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সহযোগিতা প্রদান। সম্ভাব্যক্ষেত্রে কিছু কিছু সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে।

হাইকমিশনার জানান বিগত এক বছরে লন্ডন মিশনে সব ধরনের সেবা প্রদানের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন পাসপোর্ট ইস্যুর হার বেড়েছে ১৬%, ভ্রমণ ভিসা ১২% বেশি (তারমধ্যে ৭০% ছিল টুরিস্ট এবং ৩০% ছিল বিজনেস ভিসা), এনভিআর ৩০%, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নের হার ২২% ও জন্ম-নিবন্ধন ৬%। এ সময়ে মোট ৫৬,১৩৬ জন ব্যক্তিকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়েছে, যা ২০১৮ সালের তুলনায় ১০% বেশি।

তিনি আরো জানান হাই কমিশনের সেবার মান উন্নয়নে ইতোমধ্যেই ২৪ ঘন্টা মোবাইল ফোনের জরুরি হেল্প লাইন চালু করা হয়েছে। যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ মানুষকে তাদের প্রয়োজনীয় তথ্য সেবা দেয়া হচ্ছে। ই-মেইলেও প্রতিদিন অনেক মানুষ হাই কমিশন থেকে তথ্য সেবা নিচ্ছেন। এছাড়া কনস্যুলার শাখায় ডেস্কটপ কম্পিউটার, ফটো সার্ভিস, ফটোকপি সার্ভিস ও ইলেক্ট্রনিক টোকেন সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে সেবা গ্রহিতারা আগের চেয়ে অনেক সহজে কনস্যুলার সেবা নিতে পারছেন।

তিনি বলেন, ব্রিটিশ-বাংলাদেশিদের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেয়ার জন্য লন্ডনের বাইরে বিভিন্ন শহরে এবং আয়ারল্যান্ডেও কনস্যুলার সেবার সংখ্যা বাড়ানো হয়েছে। হাইকমিশনার বলেন, সেবার মান বাড়ানোর পাশাপাশি হাই কমিশন গত বছর জাতীয় দিবসগুলো পালনসহ বিভিন্ন ধরনের ৩০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করেছে। যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর্থ-সামাজিত ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড চলছে তা ব্রিটিশ এবং বাংলাদেশি-ব্রিটিশদের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ১৭ মার্চ ২০২০ থেকে মুজিববর্ষ শুরু হচ্ছে এবং আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন লন্ডনসহ যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শহরগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ‘।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লন্ডনস্থ বাংলাদেশ মিশনের বিভিন্ন খবর সুন্দর ও কার্যকরভাবে প্রচারের জন্য ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এতে লন্ডন ছাড়াও মিডল্যান্ডস ও নর্থ ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ক্লাব সদস্য উপস্থিত হয়ে প্রাণবন্ত প্রশ্ন-বিতর্কে অংশ নেন। এছাড়াও ক্লাবের আজীবন/স্থায়ী সদস্যসহ ব্যবসায়ী-কমিউনিটি ব্যাক্তিদেরমধ্যে- বিসিএ, বিবিসিএ, বাংলাদেশ সেন্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশনারের সাথে সাংবাদিকদের জবাবদিহিতামূলক প্রশ্ন-উত্তর উপভোগ করেন। এ সময় তারা হাইকমিশনারের দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং লন্ডন বাংলা প্রেসক্লাবকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026