শীর্ষবিন্দু নিউজ: অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়শিয়া সরকার। আর এর আওতায় প্রায় ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেতে যাচ্ছে। প্রবাসী ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, মালয়শিয়া সরকার সেদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের কিছু পদ্ধতি অনুসরণ করে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রায় ৩০ হাজার শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাবে বলে প্রবাসী ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন।
মন্ত্রী জানান, বৈধতা না পাওয়া এই ৩০ হাজার শ্রমিক নতুন সুযোগ কাজে লাগিয়ে বৈধতা পেতে পারেন। এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, অবৈধ শ্রমিকরা বৈধ হলে ‘ক্লিন ইমেজ’ নিয়ে তারা মালয়শিয়ায় অবস্থান করতে পারবে। ওয়ান স্টপ সেন্টারে নিবন্ধন রশিদ, কর্মীর মূল পাসপোর্ট এবং পুলিশ প্রতিবেদনও জমা দিতে হবে। এছাড়া যেসব বাংলাদেশি শ্রমিকের পাসপোর্ট নেই তাদের কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করতে বলেছেন মন্ত্রী।
এর মধ্যে ২ লাখ ২ হাজার জন আগেই বৈধতা পেয়েছেন। দেশে ফেরত আসনে ২৫ হাজার এবং বাকি ৩০ হাজার জনকে বিভিন্ন কারণে বৈধতা দেয়নি মালয়শিয়া সরকার। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় নিবন্ধিত হয়েছেন। বিভিন্নভাবে প্রতারিত হয়ে যারা ২০১১ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশকে বিষয়টি অবহিত করেছে তারা এ সুযোগের আওতায় আসবে। সেক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তা ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওয়ান স্টপ সেন্টারের’ মাধ্যমে বৈধকরণের জন্য যোগাযোগ করতে হবে। তবে তৃতীয় মাধ্যম ব্যবহার করা যাবে না।