শীর্ষবিন্দু নিউজ: শনিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, নারী দিবস উপলক্ষে লন্ডনের রবার্ট ক্ল্যাক আপার স্কুলের নারীর অর্জিত কৃতিত্ব অনুষ্ঠান উদযাপনে অংশ নেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
এদিন ঐ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নারী অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মেগান বলেন, একজন নারীর যতটুকু শক্তি আছে তা নিয়েই তিনি তার কাজ করতে পারেন। তার করা সেই কাজটিই হতে পারে নারীর শ্রেষ্ঠ উদাহরণ। লম্বা, খাটো, গায়ের রঙ, অনুভূতি বা লিঙ্গ এসব কোনো কিছুই নারীর কৃতিত্বের জন্য বাধা নয়।
তাই নিজের অধিকার নিয়ে তোমাকেই জোর গলায় কথা বলতে হবে। নারীদের কৃতিত্বের প্রশংসা পুরুষরাও করতে পারেন। এগিয়ে চলার পথে নারীর দৃষ্টিকোণ থেকে পুরুষরাও নারীদের উৎসাহ দিতে পারেন।
তিনি বলেন, আপনার মা, বোন, প্রেমিকা ও বান্ধবীদের রক্ষার দায়িত্ব আপনারই। তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আপনার। আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিগুলো এই রোববারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রতিদিনই যেন একইভাবে পালন করা হয়।
প্রসঙ্গত: ব্রিটিশ রাজপরিবারের সদস্য থেকে মেগান ও হ্যারি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আগেই। আগামী ৩১ মার্চ রাজপরিবার থেকে চূড়ান্তভাবে সরে যাওয়ার আগে পূর্বনির্ধারিত কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারই অংশ হিসেবে মেগান নারী দিবস উপলক্ষে শুক্রবার লন্ডনের ঐ স্কুলটি পরিদর্শন করেন।