শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে মুসলিম চ্যারিটি’র উদ্যেগে ‘চিলড্রন অফ দ্য ওয়ার্ল্ড’ প্রকল্প বিষয়ে সবাইকে অবহিত করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান ছিলেন প্রধান আকর্ষণ।
৭ই মার্চ রোববার সন্ধ্যায় রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে বসবাসরত অসংখ্য সাকিব ভক্তরা ও মুসলিম চ্যারিটিকে সহায়তায় এগিয়ে আসা অসংখ্য ডোনাররা।
এসেক্স ক্রিকেট বোর্ডের পরিচালক জাওর আলীর সঞ্চালনায় এই ইভেন্টে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব তার ভক্তদের সাথে সাক্ষাৎ, প্রশ্নের উত্তর এবং ছবি তোলার পর্ব ছিল। ক্যাপিটাল কিড্স ক্রিকেট চেয়ার শহীদুল আলম রতন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান পরিচালনা করেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির হজ বাইক রাইডার রশিদ আলী।
উদ্বোধনী ভাষণে মুসলিম চ্যারিটির হারুন রশিদ বলেন, পরিবর্তন আনার লক্ষে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দৃষ্টি রয়েছে। আমরা বার্তাটি ছড়িয়ে দিতে চাই এবং সে কারণেই আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সাধারণত যেমন টাকা পয়সা সংগ্রহ করতে আসি না। আমরা যা চাই তা হলো প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করা এবং এটি বিশ্বের সাথে ভাগ করে নেওয়া। আমরা সবচেয়ে দুর্বলদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাকিব আল হাসান। এ সময় তিনি বলেন, লন্ডনে এসে এই জাতীয় দাতব্য অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের অসচ্ছল শিশুদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে দাতব্য সংস্থা কী করছে তার উপস্থাপনা দেখেছি এবং আমি গর্বিত বোধ করছি। আমি এই সংস্থার সাথে কাজ করতে আগ্রহী।
এই আয়োজনে আজকে উপস্থিত আপনাদের সকলের মাধ্যমে আমি অনুপ্রানিত। আর এজন্য আপনাদের সবাইকে আমি সত্যকারের নায়ক হিসেবে উপলব্ধি করতে চাই। যুক্তরাজ্যে আগামী ২৬শে মার্চ একটি ক্রিকেট ম্যাচও খেলবেন সাকিব আল হাসান।