শীর্ষবিন্দু নিউজ: মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেই করোনা ভাইরাসে আক্রান্ত হলো যুক্তরাজ্যে জন্ম নেয়া এক শিশু। ধারণা করা হচ্ছে শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত রোগী।
যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গার্ডিয়ান ১৩ মার্চ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে। করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই নর্থ লন্ডন হসপিটালে এক গর্ভবতীকে ভর্তি করা হয়। পরে এ্যানফিল্ডের নর্থ মিডেলসেক্স হাসাপাতাল তার করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে বলে নিশ্চিত করে।
এদিকে তার ফলাফল আসার আগেই জন্ম নেয় তার সন্তান। জন্মের পরপরই শিশুটিকেও টেস্ট করা হলে শিশুটির ফলাফলও আসে ইতিবাচক।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে আইসোলেটেড করা হয়েছে। শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা এতোটা গুরুতর নয়। তবে ডাক্তাররা এখনও নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনে এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।