শীষূবিন্দু নিউজ: ইতোমধ্যে ইউরোপে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তাই প্রাণঘাতী করোনা আতঙ্কে বাকিংহ্যাম প্রাসাদ ছাড়লেন ব্রিটেনের রানি এলিজাবেথ-২।
১২ মার্চ বৃহস্পতিবার রানীকে পাঠানো হয়েছে উইন্ডসোর ক্যাসলে। তবে রানি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কয়েক সপ্তাহ পরেই রানির জন্মদিন। তখন তার সঙ্গে দেখা করতে আসবেন বহু মানুষ। তাই আগভাগেই ব্যবস্থা নেয়া হলো।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সঙ্গে দেখা করছিলেন না ৯৪ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি যুক্তরাজ্যের চেশায়ার ও ক্যামডেন শহরে পূর্বনির্ধারিত সফরও বাতিল করেন তিনি। এরমধ্যেই তাকে প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।
তবে ব্রিটেনে করোনার সংক্রমণ আরও বাড়লে এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে পরিকল্পনা করেছে ব্রিটিশ প্রশাসন। খবর সিএনএনের।
এদিকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত রাজপ্রাসাদের কর্মীরা। প্যালেসে যারা আসছেন তাদের খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। বাকিংহ্যাম প্যালেসের ৫০০ কর্মী কাজ করেন। লোক সমাগমের কথা মাথায় রেখেই এত কর্মী নিয়োগ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন। তবে লন্ডনে বিশেষ করে রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুল সংখ্যক পর্যটক। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাকিংহাম প্যালেস থেকে রানির বর্তমান আবাসস্থল উইন্ডসর ক্যাসেলের দূরত্ব প্রায় ২৫ মাইল। ওই এলাকায় পর্যটকদের ভিড়ও তুলনামূলক কম।
উল্লেখ্য: করোনা ভাইরাস সংক্রমণে ব্রিটেনে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৭২।