শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা আট হাজার ৯৫৮ জনে পৌঁছেছে। শুক্রবার ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, আমাদের সকলেরই বাড়িতে থাকা উচিত। তিনি বলেন, আমাদের কখনোই এই সংখ্যাগুলো ভুলে গেলে চলবে না। প্রতিটি সংখ্যার সঙ্গে একটি নাম রয়েছে। একটি প্রাণহানির পর ওই পরিবারটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না।
এদিকে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭০৬। গতকাল জানানো হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হন ৬৫০৭৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৩৭৫৮ জন। তবে মৃতদের বয়স ২৭ থেকে ১০০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৬ জনের পূর্বে কোন শারীরিক অসুস্থ্যতা ছিল না বলে জানা যায়।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত এক দিনে দেশটিতে মোট ১৯ হাজার ১১৬টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ৭০৬টি নমুনায়। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৭ জনে।