নিউজ ডেস্ক, মৌলভীবাজার: সরকারি নিয়ম না মেনে ঢাকা কল্যাণপুর থেকে স্ত্রী সন্তানকে কমলগঞ্জে নিয়ে আসলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া। বর্তমানে উনার স্ত্রী ও সন্তান হোম কোয়ারান্টানে রয়েছেন।
সরকার ইতিমধ্যেই করোনা ভাইরাস বিস্তার রোধ ঠেকাতে দেশের অন্যান্য জেলা থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে রেখেছে,এছাড়াও মৌলভীবাজার জেলাকে লকডাউন করা হয়েছে। কিন্তু তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হয়েও আইন উপেক্ষা করে লকডাউনের মধ্যেই ওনার সহধর্মিনী ও সন্তানকে ঢাকা থেকে নিয়ে আসেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া এর সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি।
সম্প্রতি মৌলভীবাজার সিভিল সার্জনের পত্রের মাধ্যমে তিনি ঢাকা গাড়ি আনতে গিয়েছিলেন বলে জানা যায়। গাড়ি নিয়ে আসার সময় তিনি ঢাকা থেকে উনার সহধর্মিণী ও সন্তানকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে কমলগঞ্জের স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি বিভিন্ন গুঞ্জন উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বলেন, তিনি মৌলভীবাজার সিভিল সার্জনের পত্রের মাধ্যমে ঢাকায় গাড়ি আনতে গিয়েছিলেন তবে বর্তমানে উনার স্ত্রী ও সন্তান হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়া ঢাকা থেকে গাড়ি আনতে যাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। কিন্তু স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি দ্রুত খতিয়ে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।