শীর্ষবিন্দু নিউজ, সিলেট: প্রখ্যাত ইসলামিক বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬.২০ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি দীর্ঘ দিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা গেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।
জুবায়ের আহমদ আনছারীর জানাজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। মাওলানা আনছারীর জানাজা শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ জামেয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ মাদরাসা তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন।