শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষা কর্মসূচি জোরদার করতে সেনা সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ ইউনিট নামাচ্ছে যুক্তরাজ্য।
দেশজুড়ে এসব ভ্রাম্যমাণ ইউনিট সফর করবে। শুরুতে আটটি ইউনিট নামানো হচ্ছে। পরে আরও কয়েক ডজন নামানো হবে। দিনে এক লাখ পরীক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক প্রতিশ্রুতি দিয়েছেন, ৩০ এপ্রিলের মধ্যে দিনে এক লাখ পরীক্ষা সম্পন্ন করার জন্য। শুক্রবার মাত্র ২৮ হাজার ৭৬০ জনকে পরীক্ষা করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে গলার শ্লেষা সংগ্রহ করা হবে। পরে তা ল্যাবে পাঠানো হবে প্রক্রিয়াকরণের জন্য। মে মাসে আরও ৯৬টি ভ্রাম্যমাণ ইউনিট কাজ শুরু করবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পর্যাপ্ত পরীক্ষার অভাবে অর্থনীতি পুনরুদ্ধারে লকডাউন শিথিল বিলম্বিত হতে পারে যুক্তরাজ্যে।
এর আগে গত সপ্তাহে সালিসবুরি, সাউথপোর্ট ও টিসিড এলাকায় পরীক্ষামূলক কাজ করেছে এসব ভ্রাম্যমাণ ইউনিট। উত্তর আয়ারল্যান্ডে এসব ইউনিট ঠিকাদারা দ্বারা পরিচালিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসব ভ্রাম্যমাণ ইউনিট মাত্র ২০ মিনিটের মধ্যে স্থাপন করা যায়। এসব ইউনিটে বিভিন্ন জরুরি সেবার কর্মীদের পরীক্ষা করা হবে। এসবের মধ্যে রয়েছে কেয়ার হোম, পুলিশ ও কারা কর্মীরা। প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা কেন্দ্রে তাদের যাতায়াত জটিলতার অবসান হবে এর মাধ্যমে।