শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্তমানে করোনাভাইরাস মহামারির এই সময়ে লকডাউনের মধ্যে পূর্ব লন্ডনে মাত্র ১১ বছর বয়সী একটি বালককে গুলি করা হয়েছে।
জানা যায়, বাসার ভিতর এমন ঘটনা ঘটেছে। ওই বাসা থেকে কোন কিছুর আঘাতে মাথা কেটে যাওয়া ৪০-এর কোটায় বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে তাদের। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
ডেইলি মেইল বলছে, পূর্ব লন্ডনের আপমিনস্টারের কেরি ড্রাইভে একটি বাসায় এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। সেখান থেকে স্থানীয় সময় রাত সাড়ে নয় টায় ফোন করা হয়েছে পুলিশকে। তারা সেখানে গিয়ে ওই দু’জনকে আহত অবস্থায় দেখতে পায়।
পুলিশ আরো বলেছে, আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়ার সময় এই আঘাতের ঘটনা ঘটেছে কিনা তারা তা নিশ্চিত নয়। দু’জনকেই বাসার ভিতরে আঘাত করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে রিপোর্ট পেতে অপেক্ষা করছে পুলিশ।