শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৯

লকডাউনে ইস্ট লন্ডন মসজিদের ৫শ হাজার পাউন্ড আয়-ঘাটতি: শনিবার ফান্ডরেইজিংয়ে সাহায্যের আহবান

লকডাউনে ইস্ট লন্ডন মসজিদের ৫শ হাজার পাউন্ড আয়-ঘাটতি: শনিবার ফান্ডরেইজিংয়ে সাহায্যের আহবান

নিউজ ডেস্ক: করোনা মহামারিতে দীর্ঘ লকডাউনের কারণে আগামী এক বছরে ইস্ট লন্ডন মসজিদের প্রায় ৫শ হাজার পাউন্ডের আয়-ঘাটতি দেখা দেবে । বর্তমান পরিস্থিতিতে মসজিদ বন্ধ থাকায় নিয়মিত আয় অনেক কমে গেছে। প্রতি শুক্রবার জুমার জামাতে প্রায় ৬ হাজার পাউন্ড সংগ্রহ হতো, সারা সপ্তাহে আরো প্রায় ১ হাজার পাউন্ড ডোনেশন আসতো। এতে করে সপ্তাহে আয় হতো প্রায় ৭ হাজার পাউন্ড। মসজিদ বন্ধ থাকায় সেই দান বন্ধ রয়েছে। তাছাড়া প্রতি রামাদ্বানে বিভিন্নভাবে ফান্ডরেইজিং হতো। কিন্তু এবারের রামাদ্বানে তেমন কোনো ফান্ডরেইজিং নেই। নিয়মিত রেন্টাল আয়ও বাধাগ্রস্থ হচ্ছে। হল ভাড়া থেকে যে আয় আসতো তাও সম্পুর্ণ বন্ধ হয়ে পড়েছে।

তাই এই ঘাটতি পুষিয়ে উঠতে চলতি রামাদ্বানে কমপক্ষে ৩শ হাজার পাউন্ড সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে। ৯ মে শনিবার বিকেল ৩টায় চ্যানেল এস টেলিভিশনে লাইভ ফান্ডরেইজিংয়ে অংশ নেবে ইস্ট লন্ডন মসজিদ। এতে সাহায্যে হাত বাড়িয়ে আসতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। গত ৭ মে বৃহস্পতিবার বিকেলে মসজিদের উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপরোক্ত আহবান জানানো হয়।

বিলেতের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আইয়ুব খান, সেক্রেটারি ড. আব্দুল হাই মোর্শেদ, ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম এবং ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান।

সেক্রেটারি ড. আব্দুল হাই মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, এই মহূর্তে আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। প্রতিবছর রামাদ্বানে একটি ইফতার মাহফিলে আমরা সাংবাদিকদের সাথে মিলিত হতে পারতাম। কিন্তু মরণঘাতি করোনার ভয়াবহতার কারণে আমরা এ বছর সেই সুযোগ থেকেও বঞ্চিত। তিনি বলেন, যুক্তরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে সরকারী পরামর্শে ১৯ মার্চ থেকে ইস্ট লন্ডন মসজিদ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। এখন পর্যন্ত মসজিদ বন্ধ রয়েছে। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মসজিদ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে।

তিনি লকডাউনকালে মসজিদের চলমান সেবাকার্যক্রমের বর্ণনা দিয়ে গিয়ে বলেন, মসজিদে জামাতে নামাজ বন্ধ থাকলেও অন্যান্য সকল কার্যক্রম চালু রয়েছে। মসজিদের ইমামগণ টেলিফোন এবং অনলাইনে নিয়মিত ধর্মীয় পরামর্শ প্রদান করছেন। বিভিন্ন ইসলামিক লাইভ আলোচনা চালু রয়েছে।

নিয়মিত কুরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা, প্রবন্ধ-নিবন্ধ, ভিডিও বার্তা নিয়মিত মসজিদের ওয়েবসাইট ও স্যোশাল মিডিয়ায় আপলোড করা হয়। একই সময়ে ৬ হাজারেরও বেশি মানুষ তা দেখতে পারেন। কোয়ালিফাইড কাউন্সেলরগণ মহিলাদেরকে কাউন্সিলিং করছেন। অভাবী মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ ডেলিভারী করা হচ্ছে।

তিনি বলেন, ইস্ট লন্ডন মসজিদে রামাদ্বানে প্রতিদিন ৫ থেকে ৬শ মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়ে থাকে। এবার করোনার কারণে আগের মতো এলএমসি হলে ইফতার আয়োজন করা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই বয়োবৃদ্ধ, অসুস্থ ও অভাবী মানুষের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি এনএইচএস স্টাফকে ইফতার পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া ‘ফুড ব্যাংক’ চালু করে অভাবী মুসলিম-ননমুসলিম মানুষকে শুকনো খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, করোনার কারণে লাশ দাফনে ফিউনারেল সার্ভিসগুলোর যখন হিমশিম অবস্থা তখন ইস্ট লন্ডন মসজিদ অস্থায়ী ফিউনারেল সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করে। মাত্র দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ২৯ এপ্রিল বুধবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। নতুন ফিউনারেল সার্ভিসে প্রায় ৩৫টি লাশ রাখার ব্যবস্থা আছে। প্রয়োজনে তা সম্প্রসারিত করে ৭০টি লাশ রাখার ব্যবস্থা করা যাবে। এখন প্রতিদিনই কোভিড, নন-কোভিড মরদেহের দাফন-কাফনের কাজ চলছে।

জুম অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সাপ্তাহিক জনমত এর প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকেশন কর্মকর্তা মাহবুব রহমান, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ূম, অধুনালুপ্ত সাপ্তাহিক ইউরোবাংলা সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সহ-সম্পাদক আকবর হোসেন, টিভি ওয়ান নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক আজহার ভূঁইয়া, অনলাইন সংবাদ মাধ্যম ‘ওয়ান বাংলা নিউজ’-এর সম্পাদক জাকির হোসাইন কয়েস, ইউকেবিডিটাইমস নিউজ এর নির্বাহী সম্পাদক আমিমুল আহসান তানিম, সাপ্তাহিক বাংলা সংলাপ-এর বিশেষ প্রতিবেদক সাজু আহমদ ও অনলাইন সংবাদ মাধ্যম ‘শীর্ষবিন্দু’র সম্পাদক সুমন আহমদ ।

এছাড়াও সংবাদ সম্মেলনের শুরুতে চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ও ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী কিছু সময়ের জন্য অংশগ্রহণ করে এলএমসি নেতৃবৃন্দকে রামাদ্বানের শুভকামনা জানান।

প্রশ্নোত্তর পর্ব শেষে রামাদ্বান বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026