শীর্ষবিন্দু নিউজ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন চলছে আজ সোমবার। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল করছে সমর্থনকারীরা। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।
জানা যায়, যাত্রাবাড়ির দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দনিয়ায় আগুন দেওয়ার সময় হরতালের স্লোগান দিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়াও হরতালের কারণে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে সকালে বাড্ডায় যুবদল, পল্লবীতে স্বেচ্ছাসেবক দল এবং হাতিরঝিলে যুবদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে। হাতিরঝিলে মিছিলের সময় কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে জানা যায়। এছাড়াও শ্যামলী ও রামপুরা টেলিভিশন স্টেশনের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুরান ঢাকার ইসলামপুর রোডের নবাব বাড়ির সামনে হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল বাড়ছে। রিকশা ও অটোরিকশা চলছে সব সড়কে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে তেজগাঁও সাতরাস্তা মোড়ে কাঁচামালবাহী একটি মিনি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। এছাড়া সকালে নাখালপাড়া থেকে ছয় শিবিরকর্মীকে আটক করা হয়েছে। হরতালে নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।