শীর্ষবিন্দু নিউজ, সিলেট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে এবং একই উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সুত্রে মতে, করোনার উপসর্গ নিয়ে রোববার (১০ মে) সন্ধ্যায় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু হয়েছে। তার কাশি এবং শ্বাসকষ্ট ছিল। তাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক দিলীপ কুমার ভৌমিককে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় করোনা আইসোলেশন সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৫ জন ও মৌলভীবাজার জেলায় ৪০ জন। বিভাগে এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ জন।