শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০

সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনার ছোবল

সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনার ছোবল

শীর্ষবিন্দু নিউজ: সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এরমধ্যে মারা গেছেন একজন। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ঘড়াই গ্রামের বাসিন্দা আহমদ হোসেন (৫৫) কানাইঘাট থানায় একটি হত্যা মামলায় গত ৫ মার্চ তিনি কারাগারে যান। চলতি মে মাসের শুরুর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে জ্বর, সর্দি, এরপর কাঁশি ও শ্বাসকষ্ট শুরু হয় তার। শুরুতে কারাগারের চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দেন।

তবে অবস্থা খারাপের দিকে যেতে থাকায় গত ৮ মে তাকে কারাগার থেকে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহমদ হোসেনের মধ্যে করোনার উপসর্গ থাকায় ওসমানী কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে গত রবিবার (১০ মে) তিনি মারা যান।

এছাড়াও গেল ২২ মার্চ থেকে কারাগারের বন্দিদের আদালতে হাজির করার প্রক্রিয়া বন্ধ রয়েছে। আহমদ হোসেন কারাগারে যাওয়ার ১৪ দিনের মধ্যে নয়, বরং প্রায় দুই মাস পর আক্রান্ত হলেন। এ দুই মাস তিনি কারাগারে বন্দি; তাহলে তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন?

তাহলে কী সিলেটের কারাগারে অন্য কোনো আক্রান্ত ব্যক্তি আছেন? নানা সতর্কতামূলক পদক্ষেপের পরও কারা অভ্যন্তরে কিভাবে ছোবল হানলো করোনা?—বিস্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা এখন এসব প্রশ্নের উত্তর খোঁজছেন।

করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে ১৪ দিনের মধ্যেই উপসর্গ দেখা দেয়। ৫ মার্চ কারান্তরীণ হয়েছিলেন একজন। প্রায় দুই মাস পর আক্রান্ত হলেন করোনাভাইরাসে। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নেওয়া হলো হাসপাতালে। কিন্তু তিনি টিকলেন না, গেল ১০ মে যমদূত কেড়ে নিল তার প্রাণ।

কারা কর্মকর্তারা জানান, গত মার্চ মাস থেকেই সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনা সতর্কতা গ্রহণ করা হয়। মূলত কারা অধিদফতরের নির্দেশেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এখানকার কর্মকর্তারা। এর অংশ হিসেবে, কারাগারে কোনো নতুন বন্দিকে প্রবেশের সময় স্যানিটাইজার দিয়ে হাত-মুখ ধোয়ানো হয়।

আমদানি ভবনের আগমনী ওয়ার্ডে। কারাগারের এ ভবনে এ ধরনের ওয়ার্ড আছে ১২টি। নতুন বন্দিকে আগমনী ওয়ার্ডে একরাত রেখে তার শরীরের তামপাত্রা পরিমাপ করা হয়। পরদিন তাকে আরেকটি নতুন ওয়ার্ডে নিয়ে রাখা হয় ১৩ দিন। সব মিলিয়ে নতুন বন্দিকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার পর পুরনো বন্দির সাথে রাখা হচ্ছে। কোয়ারেন্টিনে থাকাকালীন কোনো বন্দির মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।

এছাড়া গত এপ্রিল থেকে কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সরাসরি সাক্ষাৎ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্বজনদের সাথে বন্দিরা কারা কর্তৃপক্ষের বিশেষ ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন। সপ্তাহে একদিন একজন বন্দি ৫ মিনিট তার স্বজনদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন।

কারা কর্মকর্তারা আরো জানান, কারাগারের কর্মকর্তা, কর্মচারী, কারারক্ষী সবার জন্য মাস্ক সরবরাহ করা হয়েছে। বাইরে থেকে কারাগারে ঢুকতে হলে বাধ্যতামূলকভাবে স্যানিটাইজার দিয়ে হাত-মুখ ধুতে হচ্ছে।

জুতার মাধ্যমে যাতে ভাইরাস ভেতরে ঢুকতে না পারে, সেজন্য ভেতরে ঢোকার সময় জীবাণুনাশক পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।

উল্লেখ্য, আহমদ হোসেনের করোনাক্রান্ত হওয়া নিয়ে কারা কর্মকর্তাদের মধ্যে বেশ তোলপাড়ই চলছে। কারাগারে যাতে করোনা না ছড়ায়, সে জন্য গত মার্চ মাস থেকেই নানা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপরও করোনা হানা কিভাবে দিল, তা বিস্মিত করছে সবাইকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026