রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬

ইউরোপে স্লোভেনিয়া সর্বপ্রথম ফ্লাইট চলাচল শুরু করলো

ইউরোপে স্লোভেনিয়া সর্বপ্রথম ফ্লাইট চলাচল শুরু করলো

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মতো ইউরোপের প্রতিটি দেশে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই পরিস্থিতিতে ইউরোপে সবার আগে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া।

স্লোভেনিয়াতে করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় দেশটিতে মঙ্গলবার থেকে সকল ধরণের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। স্লোভেনিয়ার সরকারের পক্ষ থেকে গেলো সোমবার এ বিষয়ে নিশ্চিত করা হয়।

রাজধানী লুবিয়ানাতে অবস্থিত দেশটির একমাত্র বিমানবন্দর ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আর কোন ফ্লাইটের চলাচলে কোন ধরণের বিধিনিষেধ নেই। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রথম কোন দেশ হিসেবে স্লোভেনিয়া সর্বপ্রথম ফ্লাইট চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিল।

পাশাপাশি সোমবার থেকে বাস, ট্রেনসহ সকল ধরণের গণপরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে স্লোভেনিয়ার এক মিউনিসিপালিটি (শহর) থেকে অন্য মিউনিসিপালিটিতে যাতায়াতের ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটিও তুলে নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে সকল ধরণের বার, রেস্টুরেন্ট, কপি শপগুলোকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

৪ মার্চ স্লোভেনিয়াতে সর্বপ্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়। উক্ত ব্যক্তি মরোক্কো থেকে ইতালি হয়ে স্লোভেনিয়াতে প্রবেশ করেছিলেন। এরপর ধীরে ধীরে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য গত ১৭ মার্চ থেকে সম্পূর্ণ স্লোভেনিয়াকে জরুরি অবস্থার মধ্যে নিয়ে আসা যায় কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহ থেকে পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে আসায় মে মাসের চার তারিখ থেকে কয়েকটি ধাপে এ দেড় মাসের জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয় দেশটির সরকারের পক্ষ থেকে।

এরই প্রেক্ষাপটে মঙ্গলবার থেকে দেশটির একমাত্র বিমানবন্দর ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সকল ধরণের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির সরকার।

স্লোভেনিয়া এবং হাঙ্গেরি এ দুইটি দেশে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যে কোন জরুরি প্রয়োজনে এ দুই দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করে থাকে।

বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাস পরিস্থিতির ফলে ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে এ দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে বিশেষত যারা সেলফ ফাইন্যান্সিং স্টুডেন্ট রয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর রাহাত বিন জামানের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাজেই এ পরিস্থিতিতে এ দুই দেশে যে সকল প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা এ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষত যারা সেলফ ফাইন্যান্সিং স্টুডেন্ট তাদেরকে অ্যাম্বাসির ফার্স্ট কাউন্সিলর রাহাত বিন জামানের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্লোভেনিয়ার ন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত মধ্য ইউরোপের এ দেশটিতে করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন ১,৪৬১ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১০২ জন ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫৯ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন করে কেবল এক জনের শরীরে কোভিড-১৯ এর পজিটিভ ধরা পড়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026