শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ সিএনএনকে এ বিক্ষোভ ও গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার যেসব জরুরি বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনের হাইড পার্কে জড়ো হয় কয়েক ডজন মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের মুখোমুখি হয়।
শনিবার লন্ডনের হাইডপার্কে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশনেয় বেশ কিছু মানুষ। এ সময় লকডাউন আইন ভাঙ্গার অভিযোগে পুলিশ কমপক্ষে ১৯ জনকে গ্রেফতার করেছে। একই সাথে ১০জনকে জরিমানাও করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক লেবার লিডার জেরেমি করবিনের ভাইও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নেই, পুলিশের এমন কর্মকর্তারা লোকজনকে চলে যেতে বললে বিক্ষোভকারীরা পাল্টা স্লোগান দেয়। তারা আওয়াজ তোলে, ‘শেম অন ইউ।’
শনিবার বিকেল তিনটার এক পাশে স্পীকার কর্নারে অন্তত ৪০ জনের একটি দল এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছে, করোনা ভাইরাস নয় লকডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণে রাখা এবং এটা নতুন কোনো অস্বাভাবিক ঘটনা নয়।
লকডাউনের বিরুদ্ধে শনিবার লন্ডনের বাইরে ইংল্যান্ডের আরো কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। গ্লাসগো, বেলফাস্ট, নটিংহ্যাম এবং সাউথাম্পটনে বিক্ষোভ হয়। চলতি মাসের প্রথম দিকে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে লকডাউনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়েছিল।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৪৫৪। এর মধ্যে ৩৪ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।