শীর্ষবিন্দু নিউজ, সিলেট: মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। সিলেটসহ সারাদেশে এ সংখ্যা গণনা করা হয়েছে।
এদিকে, সিলেটে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আর মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে এ অঞ্চলবাসীর মধ্যে।
কিন্তু এরই মাঝে সিলেট নগরসহ বিভিন্ন স্থানে বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোকজন ঈদের কেনাকাটা করছেন। এতে সিলেট অঞ্চলে মহা বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার গণমাধ্যমকে জানান, করোনারভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন।
বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, যারা মারা গেছেন, তাদের ৭১ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ ৪১ শতাংশ (১৫০ জন) এবং ৩০ শতাংশ (১১১ জন) ঢাকা জেলাসহ বিভাগের অন্যান্য জেলার বাসিন্দা। অবশিষ্ট ২৯ শতাংশ দেশের অন্যান্য বিভাগের বাসিন্দা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৭ মার্চ এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। শুরুর দিকে আক্রান্ত মানুষের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও চলতি মে মাসে বিশেষ করে গত দুই সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সিলেটসহ সারাদেশে করোনায় মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যুর দিক দিয়ে সিলেট ও খুলনা রয়েছে তিন নাম্বারে, আর ঢাকা শীর্ষে।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের ৬৮ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, খুলনা বরিশাল ও সিলেট বিভাগের সাতজন করে, রংপুর বিভাগের ছয়জন এবং রাজশাহী বিভাগের তিনজন মারা গেছেন।