শীর্ষবিন্দু নিউজ: বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার লাল ফোনটি এখন সচল আছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদের গণমাধ্যমকে বলেন, টেলিফোনটি বর্তমানে সচল আছে। এর আগে টেলিফোনটি অচল ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মীর মোহাম্মদ মোরশেদ বলেন, এমন কোনো অভিযোগ বিরোধীদলীয় নেতার বাসভবন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত করা হয়নি। তবে ২৬ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিটিসিএলের কর্মকর্তারা রেড এক্সচেঞ্জে হাজির হয়ে নম্বরটি সচল পান।
এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিরোধীদলীয় নেতার বাসভবনসংলগ্ন এলাকা পর্যন্ত লাইনটি চালু আছে বলে দেখতে পান। কিন্তু বিরোধীদলীয় নেতার বাসস্থানে প্রবেশের অনুমতি না পাওয়ায়, কর্মকর্তারা এটা শেষ পর্যন্ত বুঝতে পারেননি যে বাড়ির ভেতরে ফোনটি বা লাইনটি কোনো কারণে নষ্ট ছিল কি না। মীর মোহাম্মদ মোরশেদ জানান, ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিরোধীদলীয় নেতার বাসভবনে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। আজ বেলা দুইটায় সেখানে প্রবেশের অনুমতি পাওয়া যায় এবং লাল টেলিফোনটি সচল করা হয়।
প্রসঙ্গত: গত শনিবার দুপুরে শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে পাননি। এরপর সন্ধ্যা সোয়া ৬টার পর বিএনপি চেয়ারপারসনকে পুনরায় ফোন করে প্রায় ৩৭ মিনিট কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী। এর আগে দুপুরে ফোন করেও বিরোধীদলীয় নেতাকে পাননি শেখ হাসিনা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার বাড়ির টেলিফোনটি বিকল হয়ে আছে। এরপর প্রধানমন্ত্রীর এডিসি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এডিসির মোবাইল ফোনেই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি। ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব। এরই প্রেক্ষিতে আজ আলোচিত এই লাল টেলিপোন সচল হলো।