শীর্ষবিন্দু নিউজ, সিলেট: মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এবার সিলেটে কোথাও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়নি। তবে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিভিন্ন মসজিদে দেখা গেছে, নামাজ আদায়কালে অনেককেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। নামাজ শেষে অন্যান্যবারের মতো কোলাকুলি, কিংবা করমর্দন থেকে বিরত ছিলেন তারা।
সোমবার সকাল থেকে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদসহ সিলেটর বিভিন্ন মসজিদে দেখা গেছে, কোনো কোনো জায়গায় ভিড় বেশী হওয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সকালে শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে দেখা যায়, মসজিদের প্রবেশপথে সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা। এছাড়া নিজ নিজ জায়নামাজ নিয়ে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।
এদিকে বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় চারটি জামাত অনুষ্ঠিত হয়। নগরের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় আরেকটি। একটিতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আাল মাদানি এবং অপরটিতে মসজিদের মোয়াজ্জিন।