শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬

দোয়ারাবাজারে এক ভিক্ষুকের জীবন বদলে দিতে মানবিক উদ্যোগ

দোয়ারাবাজারে এক ভিক্ষুকের জীবন বদলে দিতে মানবিক উদ্যোগ

নিউজ ডেস্ক: মো. আবদুল হক। জন্ম থেকে অন্ধ। অসচ্ছল পরিবারে জন্ম নেয়া ওই হতদরিদ্র মানুষটি একজন ভিক্ষুক। বসত বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। তাঁর বোধ-বুদ্ধির পর থেকে ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিন সকালে এক হাতে লাঠি ও অপর হাতে থালা নিয়ে ঘর থেকে বের হন। সারা দিন ভিক্ষা করে যা পান তা দিয়েই চলে তাঁর সংসার। পরিবারে স্ত্রী ও ৪ কন্যা ব্যতিত আর কেউ নেই। একমাত্র রোজগারি তিনি। প্রতিদিন উপজেলা সদর ও আশপাশের এলাকায় দেখা যায় তাঁকে। লাঠিতে ভর করে থালাবাটি হাতে চিরচেনা সুরে গজল গেয়ে ভিক্ষা করেন আবদুল হক।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুল হক চোখে দেখেন না জন্ম থেকেই। দু’ চোখ ভরে এ পৃথিবীর আলো কিংবা প্রকৃতির কিছুই দেখা তাঁর ভাগ্যে জুটেনি। চেনা জানা নেই কোনো রাস্তা-ঘাটও। সেই বাল্যকাল থেকে অন্যদের হাতধরে তাঁর চেনা হয়েছে কেবল বাড়ি থেকে উপজেলা সদরে আসা-যাওয়ার রাস্তাটি।

ভিক্ষা করতে এখন তাঁর কারো সহায়তা নিতে হয়না। একমাত্র বিশ্বস্ত লাঠিই তাঁকে পথ দেখায়। লাঠি আর থালাবাটিই তাঁর নিত্যদিনের সঙ্গী। তিনি চোখে না দেখলেও জন্মর পর মননের চোখ দিয়ে ও অনুভূতিতে অনেক কিছু দেখেন।

অতীতে দোয়ারাবাজার হতে সুনামগঞ্জ জেলা শহর পর্যন্ত এখনকার মতো সড়ক যোগাযোগ ছিলনা। জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল তখন লঞ্চ কিংবা ইঞ্জিন নৌকা। সেসময়ে তিনি ভিক্ষা করতেন লঞ্চযোগে। সকালে দোয়ারাবাজার থেকে ছেড়ে যাওয়া লঞ্চে উঠতেন, বিকেলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চে উঠে সারা দিন ভিক্ষা করে সন্দ্যায় বাড়ি ফিরতেন। প্রতিদিন এলাকার লোকজনের কথা শুনতে শুনতে অনেকের নাম তাঁর লব্দ হয়ে যায়। সেই থেকে চোখে না দেখলেও এলাকার অনেক লোকের কন্ঠ শুনেই তিনি অকপটে নাম বলে দিতে পারেন। আজোবধি পূর্বে শোনা নাম ও কন্ঠ বহুবছর পরেও দূর থেকে কন্ঠ শুনে তিনি নাম ধরে ভালমন্দ জিজ্ঞেস করেন। এমন এক অসাধারণ প্রতিভার অধিকারী ভিক্ষুক আবদুল হক।

এখন জেলা শহরের সাথে যোগাযোগ সড়ক হওয়ায় সুরমা নদীতে পরিবহনের লঞ্চ চলাচল করেনা। তাই তিনি লঞ্চযোগেও আর ভিক্ষাবৃত্তি করতে পারেন না। প্রায় দেড় যুগ ধরে উপজেলা সদরেই ভিক্ষা করছেন থালাবাটি নিয়ে। ভিক্ষা করতে গিয়ে তাঁর চিরাচরিত শব্দগুলো এখানকার সকলের কাছে পরিচিত। দূর থেকে যে কেউ বলতে পারবেন আবদুল হকের কণ্ঠ।

আবদুল হকের বয়স এখন প্রায় চল্লিশ। তবুও থেমে নেই ওই অন্ধের জীবন-যুদ্ধ। আজো তিনি ভিক্ষা করেন। দেশ স্বাধীনের ৪ দশক পেরিয়েছে। পাল্টেছে এখানকার অতীত চিত্রপট। অনেকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কেবল ভাগ্যের পরিবর্তন হয়নি আবদুল হকের। এখনো তিনি ভিক্ষা করেই চলেন।

কখনো মেইন রোডে, কখনো থানার সামনে, কখনো উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে কিংবা বসে, কখনো বা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মধ্যবাজার পর্যন্ত লাঠিতে ভর করে চিরাচরিত শব্দ বুননের মাধ্যমে সচরাচর ভিক্ষা করতে দেখা যায় তাঁকে।

সম্প্রতি দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে তাঁর সাথে দেখা হয় সমাজকর্মী আবুল হাসনাত সোলায়মানের। তাঁর কন্ঠ শোনেই ভিক্ষুক আবদুল হক এগিয়ে এলেন। অকপটে তাঁর নাম ধরে ভালোমন্দ জিজ্ঞেস করতে শুরু করেন। সেই কবে ছাত্র থাকাকালে লঞ্চে ভিক্ষা করার সময় তিনি সোলায়মানের নাম জেনেছিলেন। আজো তাঁর কন্ঠ মনে রেখেছেন আবদুল হক। সেই থেকে আবুল হাসনাত সোলায়মানের মধ্যে মানবিক জাগৃতি ঘটে। তাঁর স্থায়ী পুনর্বাসনে নিজে থেকেই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকার সিনিয়র-জুনিয়র বন্ধু-বান্ধব, সহপাঠী, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। এমন আহবানে মাত্র কয়েকদিনেই বেশ সাড়া পান। সবার মতামতের ভিত্তিতে গঠন করেন ‘আবদুল হক সহায়তা ফান্ড’। উদ্দেশ্য আর ভিক্ষাবৃত্তি নয়, নিজেদের আর্থিক সহায়তায় আবদুল হককে সচ্ছলতা এনে দিয়ে স্থায়ীভাবে পুনর্বাসিত করবেন। এমন মহৎ উদ্যোগের পর এ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া পেয়েছেন। স্থানীয়রা সহ দেশে-বিদেশের অনেকে মানবিক কাজে এগিয়ে এসেছেন।

আবদুল হক সহায়তা ফান্ডের উদ্যোক্তা আবুল হাসনাত সোলায়মানের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ( ৯ জুন ২০২০ রাত ১১ ঘটিকা) সহায়তা ফান্ডে দেশ-বিদেশের অনেকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সে অনুপাতে এ পর্যন্ত সর্বমোট ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা তালিকাভূক্ত হয়েছে এবং এখন পর্যন্ত সহায়তা ফান্ডে জমা হয়েছে মোট ৬৪ হাজার ৫০০ টাকা। তিনি এই অসহায় মানুষটির স্থায়ী পুনর্বাসনে দেশ-বিদেশের বিত্তবানদেও প্রতি সহায়তা কমনা করেছেন। আবদুল হক সহায়তা ফান্ডে যোগাযোগের নাম্বার ০১৭৪৮৯৮৮৬৬৮, ০১৭১০ ৪৪৩৯৫৩, ০১৭২৩ ৫০৮৫৭৩।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026