শীর্ষবিন্দু নিউজ, জেনেভা, সুইজারল্যান্ড: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হাঙ্গেরির করোনা পরিস্থিতি। এরইমধ্যে রেস্তোরাঁ, দোকানপাট ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। তবে দেশটিতে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় এই দুঃসময়ে প্রবাসীদের সাহায্য সহযোগিতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন হাঙ্গেরির বাংলাদেশিরা।
চলতি বছর চৌঠা মার্চ প্রথম করোনা শনাক্তের কথা জানায় হাঙ্গেরি। দশদিনের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে দেশজুড়ে। প্রায় ১ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে সাড়ে পাঁচশ’র বেশি।
দেশটির করোনাপরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকানপাট ও রেস্তোরাঁ। তবে নতুন করে সংক্রমণ ঠেকাতে এখনো মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রয়েছে।
অন্যান্য দেশের মতো করোনার কারণে বিপাকে পড়েছেন হাঙ্গেরির প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় অনেকেই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।
হাঙ্গেরি প্রবাসী বাংলাদেশি জেরিন ফাতেমা বলেন, হাঙ্গেরিতে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি না থাকায় জরুরি প্রয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের সাথে আমাদের যোগাযোগ করতে হয়।
ইউরোপের দেশগুলোর মধ্যে এমনিতেই ভঙ্গুর অর্থনীতি হাঙ্গেরির। তার ওপর করোনার কারণে দেশটির অর্থনীতি আরো বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অর্থনীতি পুনর্গঠনের ওপর জোর দিয়েছে দেশটির সরকার।