শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুনের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ইকবাল হোসেন রিপন (৪০) দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্ত্বর ও বাবনা পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। গভীর রাত পর্যন্ত তাদের বিক্ষোভ চলে। বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।
জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমা এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে ইকবাল ও বাবলা দুর্বৃত্তের হামলার শিকার হন। হামলাকারীরা তাদের উপর্যুপরী ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।