শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সেন্ট্রাল লন্ডনে অ্যাম্বুলেন্স কর্মীদের দেখতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা ভাইরাস বিস্তার রোধে দোকানের অভ্যন্তরেও ফেস মাস্ক পরা উচিত। এ সময় তিনি বলেন, সরকার আগামী কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে সিদ্বান্ত জানাবে।
বিবিসির রাজনৈতিক বিষয়ক প্রতিবেদক হেলেন ক্যাট বলেন, সরকারের উচিত আরো বেশি জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া। তবে মন্ত্রীরা এ ব্যাপারে কর্ণপাত করছেন বলে মনে হয় না।
মন্ত্রীপরিষদ সদস্য মাইকেল গভ মাস্ক পরিধানের ব্যাপারে বলেন, যুক্তরাজ্যে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা উচিত হবে না এবং তিনি মানুষের সাধারন জ্ঞানের উপর আস্থা রাখতে চান। তার এমন মন্তব্যের পরদিন প্রধানমন্ত্রী জনসন মাস্ক পরিধানের নিয়ম কঠোর করার ব্যাপারে আবারো ইঙ্গিত দেন।
এদিকে লেবার পার্টি আবারো এই ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কারের জোড়ালো দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে গণপরিবহনে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক এবং ওয়েলশ সরকার ঘোষণা করেছে আগামী ২৭ জুলাই থেকে তারা একই ব্যবস্থা গ্রহণ করবে।
২৪শে জুলাই থেকে ইংল্যান্ডের দোকান এবং সুপারমার্কেটগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। নতুন বিধি নিষেধ ভঙ্গ করলে ১০০ পাউন্ড জরিমনা হতে পারে ব্যক্তি বিশেষে। এই পদক্ষেপটি স্কটল্যান্ড, স্পেন, ইতালি এবং জার্মানির মতো অন্যান্য প্রধান ইউরোপীয় দেশগুলির সাথে সামঞ্জস্য রেখে ইংল্যান্ডেও করা হচ্ছে।