শীর্ষবিন্দু নিউজ, মাদ্রিদ, স্পেন: ‘পাপেলেছ পারা তদো, সকলের জন্য কাগজ চাই, সকলের অধিকার সমান চাই‘ ইত্যাদি স্লোগানে মুখরিত স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সহজ শর্তে বৈধকরণ প্রকৃয়া চালু করার দাবীতে ১৭টিরও বেশি শহরে একযোগে বিভিন্ন মানবাধিকার সংগঠনের আয়োজনে অনুষ্টিত হয়েছে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
গত ১৯ জুলাই বিকেলে ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হয়ে মাদ্রিদের ছিবিলেস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সলের জিরো পয়েন্টে গিয়ে মহাসমাবেশ করেন কয়েক হাজার অভিবাসী। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, মালাগা, কাস্তিয়া লা মাঞ্চা, লিওনসহ প্রায় ১৭টির বেশি শহরে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ২য় বারের মতো আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পর্যটন নগরী বার্সেলোনায়ও বাংলাদেশী মানবাধিকার কর্মী কামরুল মোহাম্মদের নেতৃত্বে কয়েকশত বাংলাদেশী অন্যান্য অভিবাসীদের সাথে মিছিলে অংশগ্রহন করেন। স্পেনে প্রায় ১০ হাজার বাংলাদেশীসহ এশিয়া আফ্রিকা লেটিন আমেরিকা ও অন্যান্য দেশের অনিয়মিত অভিবাসীর সংখ্যা প্রায় দুই লক্ষ।
মহামারি করোনাভাইরাসের কারনে এ সকল অভিবাসীরা আয়ের উৎস হারিয়ে বহু কষ্টে দৈনন্দিন জীবন অতিবাহিত করছেন। ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে অনেক দেশ ইতিমধ্যে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দিলেও স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদেরকে নিরাশ করেছে সরকার।
দেশটির পার্লামেন্টে গত ১৯ মে থেকে অনুষ্টিতব্য সংসদ অধিবেশনে অবৈধ অভিবাসীদের বৈধকরণে আনা প্রস্তাব এখনো বিবেচনাদিন থাকায় অনিয়মিত অভিবাসীদের নিয়ে কাজ করা প্রায় ৪২৯টি সংগঠন এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। আন্দোলনের মাধ্যমে দাবী আদায় হবে বলে মনে করছেন অভিবাসীরা।
অনেক নিয়মিত অভিবাসীরা ও এ আন্দোলনে একাত্বতা ঘোষনা করেন। খালি গায়ে বুকে পিটে পাপেলেছ পারা তদো লিখে এক বাংলাদেশিসহ অনেককে নৃত্য করে ও বাজনা বাজিয়ে দাবী জানাতে দেখা যায়।