শীর্ষবিন্দু নিউজ, সিলেট: কোরবানীর পশুর হাট নিয়ে গত কয়েকদিন আন্দোলনে মুখরিত ছিল সিলেট। এমসি কলেজ ও আশপাশের এলাকায় প্রতিবাদের অংশ হিসেবে মাঠের ফটকে তালা এবং সবশেষ বুধবার বিকেলে টিন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পশুর হাট বসানোর জন্য সিলেট সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাঠটি ইজারা পান নগরীর তেলিহাওর কেন্দ্রিক আওয়ামী পরিবারের নেতা মজির উদ্দিন। মাঠ ইজারা পাওয়ার পর মহড়া দিয়ে এমসির মাঠ পরিদর্শন করেন এই গ্রুপের নেতারা। মাঠে হাট বসানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। কিন্তু নিজেদের এলাকার মাঠ অন্যকে ইজারা দিতে রাজি নন টিলাগড়ের নেতারা। তাই মাঠে খেলাধুলা বন্ধ করে পশুর হাট বসানোর প্রতিবাদে আন্দোলনে নামেন তারা।
আর তাই কলেজের শিক্ষার্থী ও ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রদের ব্যানারে এই আন্দোলন হলেও মূলত এর অগ্রভাগে ছিল টিলাগড় কেন্দ্রিক আওয়ামী পরিবারের সদস্যরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিভিন্ন ধরণের মন্তব্যও করেন তারা। এরপর নড়েচড়ে বসে প্রশাসনও।
এমসির মাঠে পশুরহাট বন্ধের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ। এই চিঠি দেয়ার পর থেকে এমসির মাঠে হাট বসানোর বিষয়টি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় সমঝোতার জন্য বুধবার রাতে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি অভিজাত হোটেলে বৈঠকে বসেন তেলিহাওর ও টিলাগড় গ্রুপের কয়েকজন নেতা।
বৈঠক সূত্রে জানা যায়, দুই গ্রুপ বৈঠকে বসে সমঝোতার মাধ্যমে এমসির মাঠে পশুর হাট বসানোর বসানোর চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। টিলাগড় গ্রুপের নেতারা আলাদাভাবে প্রতিবারের মতো এবারও টিলাগড় পয়েন্টে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ এমসির মাঠে পশুরহাট না বাসলেও টিলাগড় পয়েন্টে পশুর হাট বসছে বলে জানা গেছে।