শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বিয়ানিবাজার সীমান্তে ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুটো গাড়ি সিলেট শহরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ খুঁজে পেয়েছে। গাড়ি দুটি এখন থানা হেফাজতে। কাউকে ধরতে না পারলেও মালিকদের শনাক্ত করেছে। তবে পুলিশ নাম প্রকাশে অপারগতা জানায়।
জিপ দুটি নিয়ে গত দুদিন ধরে আলোচনার ঝড় বইছে। জিপ দুটির মালিক কে, কোথা থেকে এলো, কিভাবে লাপাত্তা হলো, আবার সবশেষ তথ্য অনুযায়ী কিভাবেই বা উদ্ধার হলো আলোচনার উৎস। সঙ্গে যোগ হয়েছে রাজনীতির নাটকীয়তা। জিপ দুটিতে বিএনপির নিখোজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও সাবেক পধোনমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বিদেশের ফেরারী জীবন থেকে দেশে ফিরেছেন বলে শহরজুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে বৃহস্পতিবারই।
শুক্রবার সকালে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার কাছ থেকে একটি জিপ উদ্ধার হওয়ার পর সিলেট জুড়ে গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। এছাড়া কাবুল নামে একজন গাড়ি মালিকের বাড়ি বিশ্বনাথের হওয়ায় ওই এলাকার বাসিন্দা ইলিয়াস আলী সঙ্গে বিষয়টি মিলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর উপশহর ই ব্লকের ৬ নম্বর রোডের হোয়াইট প্যালেস নামক বাড়ির সামনে একটি জিপ পরিত্যাক্ত অবস্থায় ও অন্য জিপটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা সংলগ্ন জালালাবাদ নামক একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ কাউকে উদ্ধার করতে পারেনি। উদ্ধারের পর জিপ দুটি কোতোয়ালী থাকা হেফাজতে রয়েছে বলে জানা যায়। বিয়ানীবাজার থানায় শুল্ক আইনে সুতারকান্দি শুল্ক স্টেশন কতৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত: বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সুতারকান্দি চেকপোস্টে আসার পর না থেমে দ্রুত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে গাড়ি দুটো। এর পর থেকেই গাড়ি ও আরোহীদের খোঁজে তৎপর হয়ে ওঠে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ভারতীয় সীমান্ত চেকপোস্টের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপ মহা পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজ আহসান ফরিদ জানান, ব্রিটিশ পাসপোর্টধারী তিন বাংলাদেশি নাগরিক ওই গাড়ি দুটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারতীয় ইমিগ্রেশনে দেয়া তথ্য অনুযায়ী তাদের নাম কাবুল মিয়া, আজগর উদ্দিন ও আন্তর আলী। হাফিজ আহসান ফরিদ বলেন, গাড়ি দুটো একেবারে নতুন। আর ওই তিনজনের মধ্যে একজন গাড়ির ব্যবসা করেন। নতুন গাড়ি আনতে গেলে আমাদের এখানে ৩০০ শতাংশ ট্যাক্স দিতে হয়। সেটা ফাঁকি দিতেই তারা এভাবে নিয়ম ভেঙে ইমিগ্রেশন ফাঁকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।