মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫২

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিরিয়ার লাতাকিয়া বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সিরীয় বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের এক  কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। হামলার বিষয়টি স্বীকার করেনি  ইসরায়েলি সরকার। এর আগে চলতি বছরে সিরিয়ায়  ইসরায়েলের চালানো পূর্ববর্তী অন্তত তিনটি হামলার বিষয়েও ইসরায়েলি সরকার প্রকাশ্যে  কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রশাসনের অজ্ঞাত এক কর্মকর্তাকে  উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ওই সামরিক ঘাঁটি থেকে  লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র সরবার করা হচ্ছে এমন সন্দেহের  বশবর্তী হয়ে ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র লক্ষ করে হামলাটি চালানো  হয়।

সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে পক্ষত্যাগী লাতাকিয়া এলাকার  সঙ্গে যোগাযোগ আছে এমন এক সরকারবিরোধী সূত্র জানিয়েছে, লাতাকিয়ার আইন শিকাক গ্রামের  কাছের ওই ঘাঁটিতে সিরিয়ার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে  ইসরায়েল। রুশ নির্মিত এই ক্ষেপণাস্ত্রগুলি প্রেসিডেন্ট বাশার আল আসাদ  বাহিনীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম বলে জানিয়েছেন আফাক আহমদ নামের  সাবেক এই সরকারি কর্মকর্তা।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় সরকারবিরোধী মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান  অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লাতাকিয়ার দক্ষিণে ভূমধ্যসাগরের উপকূলের  জাবলেহের কাছে একটি সিরীয় আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে বুধাবার রাতে বিস্ফোরণ  ঘটেছে। লেবানন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ছয়টি ইসরায়েলি জঙ্গি বিমান  লেবাননের ওপর দিয়ে উড়ে গেছে। জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক  অস্ত্র গুদামে হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর মে’তে লাতাকিয়ার কাছে নৌবাহিনীর  স্থাপনার ওপর দুবার হামলা চালিয়েছিল দেশটি।

এদিকে যুক্তরাষ্ট্রের  কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবাননের হিজবুল্লা গেরিলাদের জন্য পাঠানো  রুশ ক্ষেপণাস্ত্রের একটি চালান ধ্বংস করাই ছিল এ হামলার লক্ষ। সিরিয়ার  উত্তর-পশ্চিমাঞ্চলের এই বন্দর শহরের একটি বড় অংশ সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে  রয়েছে।  এ হামলার খবর সত্য হলে এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো সিরিয়ায়  বিমান হামলা চালালো ইসরায়েল। বিবিসি আরো জানায়, বৃহস্পতিবার দিনভর এ হামলার বিষয়টি নিয়ে জল্পনা  কল্পনা চললেও ইসরায়েল বা সিরিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি  দেয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026