শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দুকধারীর গুলিতে একজন নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে আহত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, গুলিবর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীদের ছোটাছুটিতে টার্মিনালজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লাগেজ ও বিভিন্ন আড়ালের আশ্রয় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন যাত্রীরা। পুলিশ চিৎকার করে যাত্রীদের সতর্ক করার পর দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে টার্মিনালটি খালি করে ফেলে। ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত বিমানগুলোর যাত্রা স্থগিত হয়ে যায় ও ল্যান্ড করতে যাওয়া বিমানগুলোকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়। নিরাপত্তারক্ষীরা বিমানবন্দরের বাইরের সড়কটি বন্ধ করে দেয়ায় বিমানবন্দরমুখী রাস্তায় কয়েক কিলোমিটারব্যাপী জ্যাম তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা অবহিত করা হয়েছে এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা ঘটনার দিকে নজর রাখছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গুলিতে বন্দুকধারী কতোটা আহত হয়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে প্রেসিডেন্ট ওবামাকে জানানো হয়েছে এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।
লস অ্যাঞ্জেলস দমকলের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় সাতজন আহত হয়েছেন এবং এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে ৬ষ্ঠ। ২০১২ সালে এই বিমানবন্দর দিয়ে ৬ কোটি ৩০ লাখ মানুষ যাওয়া-আসা করেছে।
এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর পুলিশের প্রধান প্যাট্রিক গ্যানন বলেন, এক ব্যক্তি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ এসে ব্যাগ থেকে স্বয়ংক্রিয় একটি রাইফেল বের করে গুলিবর্ষণ শুরু করে। গুলিবর্ষণরত অবস্থায় বন্দুকধারী নিরাপত্তা তল্লাশি গেট পেরিয়ে টার্মিনালের ফুড কোর্ট অংশের দিকে এগিয়ে যায়। এখানে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা গুলি করে তাকে ফেলে দেয়। আটকের পর তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়।
গ্যানন জানান, বন্দুকধারী একাই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবর্ষণকারী বন্দুকধারীকে পল অ্যান্থনি সিনসিয়া বলে শনাক্ত করেছে এফবিআই। ২৩ বছর বয়সী সিনসিয়া লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। তার শিশুকাল নিউজার্সির পেনেসভিলে কেটেছে বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর নিরাপত্তা তল্লাশির দায়িত্বে নিয়োজিত যানবাহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে টিএসএ’র নিহত নিরাপত্তা কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি। এই প্রথম কর্মরত অবস্থায় টিএসএ’র একজন নিরাপত্তা কর্মী নিহত হলেন বলে জানিয়েছে সংস্থাটি।