শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: বিশ্বজুড়ে ইসলাম সংকটে বলে ফরাসি প্রেসিডেন্টের কঠোর মন্তব্যে নিন্দার ঝড় বইছে অনলাইনে। এছাড়া অন্যান্য ধর্মের মানুষও প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, চরমপন্থার কারণে বিশ্ব জুড়ে ইসলাম সংকটে পড়েছে। তিনি সব মুসলিমকে চরমপন্থার জন্য দায়ী করেন না বলেও উল্লেখ করেন।
তিনি জানান, ধর্ম নিয়ে ১৯০৫ সালের একটি আইনকে শক্তিশালী করতে ডিসেম্বরে বিল আনা হচ্ছে। এর মাধ্যমে ফ্রান্সে মৌলবাদ দূর করা হবে এবং সবাই যাতে একত্র বাস করতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ ধর্মনিরপেক্ষতাই ফ্রান্সের ভিত্তি।
প্রেসিডেন্ট মুসলিমবিরোধী বামপন্থিদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন দেশটির মুসলিম মানবাধিকারকর্মী ইয়াসের লৌয়াতি। তিনি বলেন, মুসলিমদের নানাভাবে হুমকি দেওয়া হয়। এখন সেটা করতে অঙ্গীকার করা হচ্ছে।
উল্লেখ্য, ফ্রান্সে ইতিমধ্যে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে ইসলামের প্রতি আরো কঠোর অবস্থান নেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে।