শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮

এসআই আকবরকে পালাতে সহায়তা করায় ও তথ্য গোপনের দায়ে এসআই হাসান উদ্দিন বরখাস্ত

এসআই আকবরকে পালাতে সহায়তা করায় ও তথ্য গোপনের দায়ে এসআই হাসান উদ্দিন বরখাস্ত

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের আলোচিত ঘটনা রায়হানের মৃত্যুর ঘটনায় এসআই আকবর হোসেন ভূঁঞাকে পালাতে সহায়তা করায় ও একইসাথে তথ্য গোপনের অভিযোগে এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। তাকে সিলেট মহানগর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ তাকে বরখাস্ত করেন। এর আগে দেশজুড়ে আলোচিত রায়হান হত্যার ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁঞয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয় আরও তিন পুলিশ সদস্যকে। মঙ্গলবার সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্রের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁঞাকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে তুলে নিয়ে সিলেটের কোতোয়ালির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। পরদিন সকালে তিনি মারা যান। নির্যাতন করার সময় তৌহিদ মিয়া নামের এক পুলিশ সদস্যের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে ফোন দিয়ে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের মরদেহ শনাক্ত করেন।

ওই সময় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। যদিও ওই এলাকার সিসিটিভি ফুটেজ গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসীও জানায়, কাষ্টঘরে গণপিটুনির কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১৩ অক্টোবর রাতে মামলার নথি পিবিআইয়ের কাছে হস্তান্তর করে মহানগর পুলিশ।

এরপর পিবিআই কর্মকর্তারা ১৪ অক্টোবর দুপুরে বন্দরবাজার ফাঁড়িতে যান এবং ঘটনার আলামত সংগ্রহ করেন। পরদিন সকালে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ উত্তোলন করে পিবিআই। পরে পুনরায় ময়নাতদন্ত শেষে বিকেলে আবারও মরদেহ নগরের আখালিয়ার নবাবি মসজিদ সংলগ্ন পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026